২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হলে দুর্নীতিবাজ ও খুনি জোট সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

রোববার ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে কাশিয়ানির রামদিয়া কলেজ মাঠ, গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাজার এবং চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক পৃথক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসব স্মরণসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুকুল বোস, বাণিজ্য বিষয়ক সম্পাদক কর্ণেল (অব:) ফারুক খান, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আলী খান আবু মিয়া, এমদাদুল হক চৌধুরী প্রমুখ।

শেখ সেলিম বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির উন্নয়ন করতে চেয়েছিলেন। বিশ্বের দরবারে জাতিকে মর্যাদা ও সম্মানের আসনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তাই তাকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে স্বৈরশাসন কায়েম করা হয়েছিলো।

এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীর কর্মসূচি পালনের আয়োজন সম্পন্ন হয়েছে। ১৫ আগস্ট সোমবার দুপুরে দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, মুকুল বোস এবং ফারুক খান আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর মাজারে পুস্পস্তবক অর্পণ করবেন। মাজারে দিনভর কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

শোক কর্মসূচিকে অর্থবহ করতে গোপালগঞ্জের বিভিন্ন সড়কে কালো পতাকা উত্তোলনসহ তোরণ নির্মাণ করা হয়েছে। মহান নেতার মাজারে শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ গোপালগঞ্জে আসতে শুরু করেছে।