বিরোধী দলীয় নেত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে নির্বাচন কমিশন
প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে রোববারের বিভিন্ন দৈনিকে প্রকাশিত বিরোধী দলীয় নেত্রীর একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
এর আগে গত ২৭ জুলাই বিভিন্ন পত্রিকায় প্রকাশিত একই বিষয়ে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এবং ২৮ জুলাইয়ের বিভিন্ন দৈনিকে কমিশনের প্রতিবাদ প্রকাশিত হয়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিরোধী দলীয় নেত্রী প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তা সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের প্রতিবাদে রোববার বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনার সাথে কখনও সম্পৃক্ত ছিলেন না এবং কোনোদিন তার আদালতে মামলাটি উত্থাপিত হয়নি। সুতরাং তার পক্ষে বিব্রত বোধ করার বিষয়টি অবান্তর।
বিরোধী দলীয় নেত্রীকে এ বিষয়ে কোনও কোনও লোক মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন বলে প্রতিবাদে উল্লেখ করা হয়।
