ভোলায় আ. লীগের একাংশের ডাকা হরতাল চলাকালে অপর অংশের নেতার বাসভবন এলাকায় গুলিবর্ষণ
ভোলার চরফ্যাশনে রোববার স্থানীয় আওয়ামী লীগের একাংশের ডাকা হরতাল চলাকালে হরতাল সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম বাচ্চুর বাসভবন এলাকায় ৮/১০ রাউন্ড গুলিবর্ষণ করে।
এদিকে স্থানীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের মুক্তির দাবিতে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে শিথিলভাবে পালিত হয়েছে। কোনও মিছিল কিংবা পিকেটিং-এর খবর পাওয়া যায়নি।
গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে নূরুল ইসলাম বাচ্চু বিডিনিউজকে জানান, জ্যাকবের ক্যাডাররা তাকে ভীত সন্ত্রস্ত করার জন্যে এ ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জ্যাকবের অনুসারিরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আখন্দের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে।
এ ব্যাপারে জয়নাল বাদি হয়ে চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ শনিবার রাতে জ্যাকবকে গ্রেফতার করে ভোলায় নিয়ে আসে।
