বিব্রত বিচারকরা তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও সিইসি হলে নির্বাচন নিরেপক্ষ হবে কীভাবে: শেখ হাসিনার প্রশ্ন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় দিতে বিব্রতবোধকারী বিচারকরা যদি তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) হন, তাহলে জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে কীভাবে?
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের আসল ব্যক্তি জেনারেল জিয়া-এ অভিযোগ করে শেখ হাসিনা বলেন, তিনি যে একজন খুনি তাতে কোনো সন্দেহ নেই।
‘কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো’-শীর্ষক এ আলোচনা সভায় তিনি বলেন, বঙ্গবন্ধুকে কে এবং কেন হত্যা করেছিলো-এ প্রশ্নের জবাব খুঁজতে আমাদের বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। দেশের বর্তমান অবস্থা ও ক্ষমতাসীনদের চেহারা পর্যালোচনা করলেই এর উত্তর পাওয়া যায়।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার মোশতাক তার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি জিয়াকে সেনাপ্রধান করেছিলেন। আর এতেই বোঝা যায়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়ার ভূমিকা কী ছিলো।
শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস ও স্বাধীনতাকে নিরর্থক করতে এবং জনগণের সবকিছু কেড়ে নিয়ে একটি ক্ষুদ্র গোষ্ঠী সম্পদশালী হয়ে বাংলাদেশকে শোষণের চারণভূমি বানাতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট স্বাধীনতার শত্রু। আসুন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে জোট দুঃশাসনের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করি।
বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম ও ডা. এসএ মালেক।
