কাদির গামা নিহতের ঘটনায় শেখ হাসিনার শোক, নিন্দা
অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী লক্ষণ কাদির গামা নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার কাছে শনিবার পাঠানো এক শোকবাণীতে শেখ হাসিনা বলেন, লক্ষণ কাদির গামা সন্ত্রাসের বিরুদ্ধে আপোসহীন সংগ্রামী ছিলেন। তার সন্ত্রাসবিরোধী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ আওয়ামী লীগ সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে, শান্তির পক্ষে।
শেখ হাসিনা কাদির গামার পরিবার ও শ্রীলংকার জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
