বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে : জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, হত্যাকারী খুনিদের কাছে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে লাভ নেই। বিচারের রায় বাস্তবায়নের জন্য আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের প্রয়োজন আছে।
তিনি বলেন, দেশবাসীকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সরকার গঠনের মাধ্যমে আমরা এ রায় কার্যকর করবো।
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল জলিল এ কথা বলেন।
ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিন, বার কাউন্সিলের সহ সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক পংকজ দেবনাথ, নির্মল রঞ্জন গুহ, অ্যাডভোকেট মঞ্জু নাজনীন ও মতিউর রহমান মতি।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে আব্দুল জলিল বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট যে পশুরা এ নৃশংস ঘটনা ঘটিয়েছিলো, তারাই আজ রাষ্ট্র ক্ষমতায়। তাই হত্যাকারীর কাছে হত্যার বিচার পাওয়া যাবে না।
তিনি বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে হত্যকারী চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আব্দুল জলিল বলেন, দেশে অবাধ নির্বাচন নিশ্চিত করতে ১৪ দলের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য ব্যাপক জনমত সৃষ্টি করতে হবে।
নির্বাচন কমিশনের নতুন ভোটার তালিকা প্রনয়ণের সিদ্ধান্তকে রাষ্ট্রীয় অর্থের অপচয়, লুটপাট ও সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের বিজয় ছিনিয়ে আনতে হবে।
জোহরা তাজউদ্দিন বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যক্রমের সমালোচনা করে বলেন, ‘মূর্খদের’ বিচারপতি করায় তারা বঙ্গবন্ধুর বিচারের রায় ঘোষণা করতে বিব্রত বোধ করেন, যা বিশ্বে নজীরবিহীন।
ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, শুধু রায় বাস্তবায়ন নয়, কারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো এবং এর পেছনের রাজনৈতিক কারণ কী, তা চিহ্নিত করতে না পারায় ২১ আগস্টের মতো হত্যাযজ্ঞের পুনরাবৃত্তি হচ্ছে।
