জোটের বিরুদ্ধে আন্দোলন গতিশীল করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আহ্বান জানালেন ড. কামাল
বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন গ্রামে গ্রামে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সংগঠিত করে বিএনপি জামাত জোটের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের উদ্যোগে বুধবার বিকেলে নগরীতে মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশের আয়োজন করা হয়।
ড. কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু গ্রামে গ্রামে সাধারণ মানুষকে সংগঠিত করে যে শক্তি গড়ে তুলেছিলেন, সে শক্তিই বাংলাদেশ স্বাধীন করেছিলো। জোট দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে সে শক্তিকে আবারও সংগঠিত করতে হবে।
মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি কর্নেল (অব.) শওকত আলী এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ পিন্টু, মোহাম্মদ আলী চৌধুরী, খান টিপু সুলতান, আলহাজ্ব আমজাদ হোসেন ও জিএম ইয়াকুব আলী।
শওকত আলী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সংবিধানকে ক্ষত বিক্ষত করা হয়েছে। বাংলার মাটিতে বঙ্গবন্ধু হত্যার বিচার হবেই। এজন্যে মুক্তিযুদ্ধের পক্ষের সকল স্তরের মানুষের মহা ঐক্য গড়ে তুলতে হবে।
সমাবেশ শেষে মুক্তিযোদ্ধাদের কালো পতাকা হাতে একটি মিছিল নগরীর বিভিন্ন পথ ঘুরে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন চত্বরে গিয়ে শেষ হয়।
