ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হয়েছে, রোববার পুনারায় বৈঠক
নির্বাচন কমিশন শনিবার দীর্ঘ দুঘন্টার বৈঠকের পরও ভোটার তালিকা নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হয়েছে।
এ ব্যাপারে আলোচনার জন্যে রোববার নির্বাচন কমিশন আবারও বৈঠকে বসবে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ নতুন ভোটার তালিকা প্রস্তুত কিংবা ভোটার তালিকা হালনাগাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে আমরা আলোচনা করেছি।
তবে তিনি বলেন, নতুন ভোটার তালিকা তৈরির ব্যাপারে আইনগত কোনও বাধা নেই।
তিনি আরও বলেন, নতুন ভোটার তালিকা প্রস্তুতের ক্ষেত্রে আইনগত কোনও বাধা নেই। পূর্বের মতোই ভোটার তালিকা প্রস্তুত করা হবে। ১৯৮৩ সাল থেকে নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকা প্রস্তুত করে আসছে, আমরা সেভাবেই তালিকা প্রস্তুত করব।
কমিশন সূত্র জানায়, ১৯৭৩, ১৯৭৬, ১৯৮৩, ১৯৯০, ১৯৯৫ ও ২০০০ সালে নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা প্রস্তুত করেছিল।
ভোটার তালিকা নিয়ে বিরোধী দল আওয়ামী লীগের মতামত সম্পর্কে সিইসি বলেন, আওয়ামী লীগ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল।
যেহেতু তারা সংলপে যোগ দেয়নি তাই এ ব্যাপারে আমরা তাদের মতামত জানতে পারিনি।
সিইসি বলেন, আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তারা সংলাপে যোগ দেয়নি। এখন আমাদের করার কিছুই নেই। এ ব্যাপারে নতুন করে তাদের মতামত জানতে চাওয়া হলে তা হবে অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ।
তবে এখনও তারা তাদের মতামতের ব্যাপারে আমাদের অবহিত করতে পারে। আমার দরজা সকলের জন্যে উন্মুক্ত। এখানে কোনও বৈষম্য নেই।
বৈঠকে অন্যান্যের মধ্যে অপর দুই নির্বাচন কমিশনার একে মোহাম্মদ আলী এবং মুন্সেফ আলী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে একে মোহাম্মদ আলী বলেন, আমরা ভোটার তালিকা নিয়ে কথা বলেছি। কিন্তু কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। রোববার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
অন্যদিকে মুন্সেফ আলী বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও সময় প্রয়োজন।
গতমাসের ২৬ থেকে ২৮ তারিখ নির্বাচন কমিশন ভোটার তালিকা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের আয়োজন করে। সংলাপে অংশগ্রহণের জন্যে কমিশন মোট ১১৭টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানালেও এতে উপস্থিত হয়েছিল ৫৩টি দল। সংলাপে ক্ষমাসীন সরকারের চার দল বিএনপি, জামায়াত-ই-ইসলামী, ইসলামী ঐক্যজোট ও বিজেপি (নাজিউর) নতুন ভোটার তালিকার পক্ষে এবং অন্য ১৫ টি দল বর্তমান ভোটার তালিকা হালনাগাদের পক্ষে তাদের মতামত দেয়।
আওয়ামী লীগ ও জোট সংলাপ প্রত্যাখ্যান করে। বিকল্প ধারা বাংলাদেশ, গণফোরাম এবং কৃষক শ্রমিক জনতা লীগও সংলাপে যোগ দেয়নি।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা রোববার সিইসি’র সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যাবেন।
