উলফা দিল্লির নেতাদের আসামের নির্বাচন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে
আসামের প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী গ্র“প উলফা দিল্লির নেতাদের আসামের বিধানসভা নির্বাচন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।
ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) ১৯৭৯ সাল থেকে আসামের স্বাধীনতার জন্য লড়াই করে আসছে। তারা হুমকি দিয়ে বলেছে, আগামী বছরের অনুষ্ঠিতব্য আসামের বিধান সভা নির্বাচনে বাইরের নেতারা প্রচারণা চালাতে এলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।
উলফা প্রধান অরবিন্দ রাজখোয়া এক বিবৃতিতে বলেছেন, পার্টির জাতীয় নেতাদের প্রদেশে আমন্ত্রণ জানানোর ব্যাপারটা এমন, যেন তারা আসামেরই নেতা ছিলেন। আমন্ত্রণ করে তাদের বক্তব্য শোনার ব্যাপারটি অচিরেই বন্ধ করে দেওয়া হবে।
প্রায় সব রাজনৈতিক দলই নির্বাচনে প্রচারণা চালানোর জন্য কেন্দ্রীয় ও বিভিন্ন প্রদেশের নেতাদের আমন্ত্রণ জানিয়ে থাকে। উলফার এ হুমকির কারণে রাজনৈতিক দলগুলোর প্রাদেশিক নেতারা সন্ত্রস্ত হয়ে পড়েছে। নির্বাচনী প্রচারণা চালানোর ব্যাপারে অধিকাংশ দলই বাইরে থেকে বাগ্মী নেতাদের এনে সমাবেশ করে ভোটারদের আকৃষ্ট করে থাকে। এ ব্যাপারে তারা বাইরের নেতাদের ওপর অনেকাংশে নির্ভরশীল।
নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি’র প্রাদেশিক একজন নেতা বলেন, তাদের এ হুমকির ব্যাপারে কথা বলার আগে বিষয়টি খতিয়ে দেখা দরকার। উলফা যদি তাদের এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে তবে তা সত্যিই একটা বিপর্যয়ের ব্যাপার হবে।
এদিকে আসামের একজন মন্ত্রী ও কংগ্রেসের নেতা বলেছেন, বাইরের নেতাদের ওপর আমরা কোনোভাবেই নির্ভরশীল নই। ভোটারদের আকৃষ্ট করার মতো কারিশমাটিক স্থানীয় কোনও নেতৃত্ব না থাকায় বিজেপির মতো রাজনৈতিক দলগুলোর ভোগান্তি হবে।
এ হুমকির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় নেই কেবল অসম গঙ্গা পরিষদ নামের প্রাদেশিক রাজনৈতিক দলটির। ১৯৯৬ সালের নির্বাচনে দলটি যখন ফারুক আবদুল্লাহকে প্রতিদ্বন্দ্বিতায় রাজি করে তখনও তাদের পক্ষে প্রচারণা চালানোর মতো বাইরের কোনও নেতা ছিল না।
