সংরক্ষিত নারী আসন: বিএনপির টিকিট পেতে তদবির
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির টিকিট পেতে দলের মহিলা নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনসমূহ জোর তদবির চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার নির্বাচন কমিশন আগামী ৬ সেপ্টেম্বর সংসদে সংরক্ষিত নারী আসনের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে।
এদিকে জাতীয় পার্টি বুধবার দলের এক সভায় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সরাসরি নির্বাচন না হলে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছিল। তবে এখন দলের নেতারা বলছেন, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
এদিকে বিএনপির অনেকে বলছেন, ৫০ জনেরও বেশি নেত্রী দলের মনোনয়ন পেতে আগ্রহী। উল্লেখ্য, নারীদের জন্য সংরক্ষিত মোট ৪৫টি আসনের বিপরীতে বিএনপি পাবে ৩০টি আসন।
মনোনয়ন পেতে নিজেদের পক্ষে নেতাদের প্রভাবিত করতে আগ্রহীরা দলের নীতিনির্ধারক, সিনিয়র মন্ত্রী ও অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন।
বিএনপি’র একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে পাঠানোর আগে আগ্রহী প্রার্র্থীদের একটি সংসদীয় তালিকা প্রণয়ন করা হবে।
একজন সিনিয়র মন্ত্রী জানান, তালিকা প্রণয়নের জন্য শিগগিরই তারা বৈঠকে বসবেন এবং পরে তা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, দলের পক্ষে মনোনয়ন পেতে নেত্রীদের অনেকই মন্ত্রী ও সিনিয়র নেতাদের কাছে হন্যে হয়ে ঘুরছেন। এর মধ্যে অনেক মন্ত্রীর স্ত্রীরাও রয়েছেন।
