২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থারই প্রয়োজন নেই, নির্বাচনী আইনের সংস্কার প্রয়োজন: জাসদের গোলটেবিলে বক্তারা

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) গোলটেবিল বৈঠকে বক্তারা তত্বাবধায়ক সরকারকে রাজনীতিকদের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 04:59 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

তারা বলেছেন, সংস্কার নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থারই প্রয়োজন নেই। তবে নির্বাচনী আইনের সংস্কার দরকার। নির্বাচন কমিশনকে স্বাধীন ও ক্ষমতাবান করা হলেই নিরপেক্ষ ও অবাধ নির্বাচন সম্ভব।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জাসদের কার্যকরি সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিক। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।

আলোচনায় অংশ নেন জাসদ ও ইউপিআর নেতা আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় পার্টির নেতা অধ্যাপক হুমায়ুন কবির হিরু, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আতাউর রহমান, অধ্যাপক শফিউল্লাহ, ড. আব্দুল খালেক, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী।

এতে জাসদের পক্ষে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, রাষ্ট্র ব্যবস্থাপনা, নির্বাচনী ব্যবস্থা ও ভোটার তালিকা এবং রাজনৈতিক সংস্কারের জন্যে বেশকিছু প্রস্তাব দেওয়া হয়।

আসম আব্দুর রব দলের উত্থাপিত প্রস্তাবনা সমর্থন করে বলেন, দেশের দুই নেত্রীকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা জানেন, জনগণের হাতে ক্ষমতা গেলে ক্ষমতা আর তাদের কাছে ফিরে আসবে না। তাই তারা জনগণের ক্ষমতায়নে ভয় পায়।

তিনি তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, উচ্চ-কক্ষ জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে। এতে অনির্বাচিত সরকারের পরিবর্তে নির্বাচিত রাজনীতিকদের কাছেই ক্ষমতা থাকবে।

তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধানের কাছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ব্যাপারে বিরোধী দলের প্রস্তাবেরও বিরোধিতা করেন।

কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশের সংবিধান অত্যন্ত ভাল। কিন্তু দেশের মেধাহীন লোকেরা সংবিধান নিয়ে হাতাহাতি করছে। তাই সংবিধানের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে।