২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন মন্ত্রীকে সুরঞ্জিতের চ্যালেঞ্জ

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, জিন্টুর দণ্ড মওকুফে তিনি তার সুপারিশের কোথাও যদি সামরিক আদালতের কথা উল্লেখ করে থাকেন, তবে তাকে তা দেখাতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 08:49 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

আর সামরিক দণ্ডপ্রাপ্তরা আবেদন করলে দণ্ড মওকুফ হবে, এটি যদি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বক্তব্য হয়ে থাকে, তবে সংবাদ সম্মেলন করে তাকে জবাব দিতে হবে।

আওয়ামী যুবলীগের এক সমাবেশে রোববার বিকেলে তিনি আরও বলেন, মওদুদ আহমদ চরম মিথ্যাচার করেছেন। তাই তিনি কেবলই বিএনপি আর চার দলীয় জোটের আইন মন্ত্রীতে পরিণত হয়েছেন। তিনি আর দেশের ১৪ কোটি মানুষের আইন মন্ত্রী নন। কাণ্ডজ্ঞান থাকলে এখনই তিনি পদত্যাগ করতেন।

দলীয় বিবেচনায় বিএনপি নেতা মহিউদ্দিন জিন্টুর ফাঁসির দণ্ডাদেশ মওকুফের প্রতিবাদে ‘ধিক্কার ও ঘৃণা দিবস’ পালন উপলক্ষ্যে যুবলীগ বঙ্গবন্ধু এভিনিউতে এ সমাবেশ আয়োজন করে।

আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, হারুন অর রশিদ, মহিউদ্দিন মহি, নুরুন্নবী চৌধুরী শাওন, মাইনুল ইসলাম নিখিল, লিয়াকত সিকদার এবং নজরুল ইসলাম বাবু।

সমাবেশ শেষে যুবলীগ কর্মীরা আইন মন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করেন।