২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল, জনসভা ও সন্ত্রাস বিরোধী র‌্যালিসহ আ.লীগের মাসব্যাপী কর্মসূচি সোমবার থেকে শুরু হচ্ছে

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ হরতাল, জনসভা, অনশন ও সন্ত্রাস বিরোধী র‌্যালিসহ মাসব্যাপী কর্মসূচি শুরু করছে ১ আগস্ট সোমবার থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এ সকল কর্মসূচি পালন করবে।

কর্মসূচি শুরু হবে ৩১ জুলাই দিবাগত রাত ১২টা এক মিনিটে সকল শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে। ১ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন পালিত হবে ঢাকায় বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে।

ঘোষিত কর্মসূচির মধ্যে আরও রয়েছে: বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ২১ আগস্টের শহীদদের স্মরণে স্মৃতি ফলক উদ্বোধন, প্রতীক অনশন, শোক র‌্যালি, মানব বন্ধন, আলোচনা সভা ইত্যাদি।

দলীয় সূত্র জানিয়েছে, ১ আগস্ট থেকে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো মাসব্যাপী কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, মানব বন্ধন, প্রদীপ বন্ধন, রক্তদান, প্রতীক অনশন, গণ সঙ্গীত ও পুঁথি পাঠের আসর এবং আলোচনা সভার আয়োজন করবে।

১৪ আগস্ট বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর আলোকচিত্র ও বই প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

১৫ আগস্ট বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সকল পর্যায়ের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের প্রতিবাদে ওই দিন সারাদেশে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করা হবে।

দিনের কর্মসূচিতে আরও রয়েছে: বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, জিয়ারত ও মোনাজাত, বনানি কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের মাজারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, জিয়ারত, মিলাদ মাহফিল এবং মোনাজাত।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে ১৬ আগস্ট টুঙ্গিপাড়া যাবেন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো ১৬ আগস্ট ঢাকায় আলোচনা সভা এবং ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে।

২১ আগস্টের গণহত্যা স্মরণে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ২০ আগস্ট শহীদ স্মৃতিফলক উদ্বোধন করবেন।

২১ আগস্ট বিকেল ৫টা ২২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হবে রাজনৈতিক সন্ত্রাস বিরোধী মিছিল। এটি বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে আলোক প্রজ্বলন এবং সন্ত্রাস বিরোধী শপথের মাধ্যমে শেষ হবে। এ দিন সারাদেশে অনুরূপ কর্মসূচি পালিত হবে।

২২ থেকে ২৮ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো ভিডিও চিত্র প্রদর্শন এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

এছাড়া ২৯ আগস্ট আওয়ামী লীগ ঢাকায় জনসভা আয়োজন করবে।