আইনের শাসন প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন আইনজীবীরা
দুর্নীতিমুক্ত বিচার বিভাগ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সর্বোচ্চ আদালতের নিরপেক্ষ ভাবমূর্তি পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দেশের প্রথম সারির আইনজীবীরা।
শুক্রবার সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আয়োজিত আইনজীবীদের মহাসমাবেশে তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে দেশের শীর্ষ আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেন, দেশের ১৪ কোটি লোককে রক্ষা করতে আইনজীবীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, আইনজীবীদের আন্দোলনের মাধ্যমে তাদের আন্দোলন নিষিদ্ধ করে দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছে তা চাপা পড়ে গেছে।
মহাসমাবেশ থেকে আইনজীবীদের দাবি আদায়ে সভা, সেমিনার ও কালো দিবস পালনসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়।
শনিবার এসব কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
মহাসমাবেশে ড. কামাল হোসেন আরও বলেন, ঐকবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অবশ্যই বিজয় আসবে। মূল্যবোধ ও নীতিকে উর্ধ্বে তুলে ধরতে এই বিজয় রক্ষা করতে হবে।
তিনি বলেন, সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিয়োগসহ সকল প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার ফলে এসব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে।
তিনি বলেন, ক্ষমতাসীন দল যখন তখন সংবিধান লংঘন করে এবং সংকটের মূল কারণ এটাই।
তিনি আরও বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে সরকার সুপ্রিম কোর্টের ১২ দফা বাস্তবায়নে কোনও উদ্যোগ নিচ্ছে না, এমপিদের জবাবদিহিতা না থাকায় সংসদ অকার্যকর হয়ে গেছে। এছাড়া সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যাকান্ডের কোনও তদন্ত হয়নি।
ড. কামাল বলেন, মাত্র কয়েকজন আইনজীবী ছাড়া সকল আইনজীবীই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করে বিচার বিভাগের ঐতিহ্য ও ভাবমূর্তি পুনরুদ্ধারের পক্ষে।
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, আইনে শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আন্দোলন করা আইনজীবীদের মৌলিক অধিকার।
তিনি বলেন, আইনজীবীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ডিক্রি জারি করে আইনজীবীদের আন্দোলন স্থগিত করা যাবে না।
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান রোকনউদ্দিন মাহমুদ আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাদের নিজেদের স্বার্থে বিচার বিভাগের ক্ষতি করছে।
তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেফাজতে বিচারবহির্ভূত হত্যাকান্ডের জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন বিচার বিভাগীয় নোটিশ প্রদান করা হয়নি সে ব্যাপারে সুপিম কোর্টের প্রতি প্রশ্ন রাখেন।
তিনি বলেন, সরকার পরিবর্তনের পর বিচার বিভাগ থেকে খারাপ লোকদের বহিস্কার করতে হবে।
দেশের বিভিন্ন এলাকা থেকে আগত আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সমাবেশে সরকারের পতন ঘটাতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার আহ্বান জানান।
আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট ইনায়েতুর রহিমের বিরুদ্ধে মানহানি মামলা করার জন্য আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদকে দায়ী করেন এবং এর প্রতিবাদ করেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, সততা, দক্ষতার ভিত্তিতে বিচারক নিয়োগ, বিচার বিভাগকে রাজনৈতিকরণ থেকে মুক্তকরণসহ সুপ্রিম কোর্টের ১২ দফা বাস্তবায়নে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে মহাসমাবেশের আয়োজন করে।
দিনব্যাপী এ সমাবেশে দেশের ৫৫টি জেলার আইনজীবী সমিতির সভাপতি, সাবেক সভাপতি ও প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
ব্যারিস্টার এম আমির-উল ইসলামের সভাপতিত্বে মহাসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, সাবেক এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, এসসিবিএ’র সম্পাদক অ্যাডভোকেট ইনায়েতুর রহিম, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, অ্যাডভোকেট জেডআই খান পান্না, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সবুর।
