আগামীতে জাতীয় পার্টি অবশ্যই ক্ষমতার অংশীদারিত্বে থাকবে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামীতে এককভাবে না হলেও জাতীয় পার্টি অবশ্যই ক্ষমতার অংশীদারিত্বে থাকবে।
তার বনানীস্থ কার্যালয়ে বৃহস্পতিবার এক যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পূর্ব শর্তই হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচন বর্জনের হুমকি দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। তাই সকলের উচিত একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা।
নরসিংদী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রশিদুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে একদল রাজনীতিক ও পেশাজীবীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, আব্দুর রাজ্জাক খান, আবু সাঈদ স্বপন, নরসিংদী জেলা জাপা সাধারণ সম্পাদক রেজাউল করিম বাসেত প্রমুখ।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ আরও বলেন, নেতিবাচক ও ধ্বংসের রাজনীতি কখনোই দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। হিংসা হানাহানির পথে দেশে বিরাজমান সদস্যার সমাধান হবে না। ওই পথ ছেড়ে সকল পক্ষকেই সমঝোতার পথে ফিরে আসতে হবে।
