অ্যাডভোকেট ইনায়েতের বিরুদ্ধে মানহানি মামলা করায় ব্যারিস্টার মওদুদকে এসএএসপি’র নিন্দা
আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) নেতৃবৃন্দ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সম্পাদক ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হাইকোর্টে মানহানি মামলা দায়ের করায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন ।
আশির দশকের একটি ডাবল মার্ডার ঘটনায় সামরিক আদালত কর্তৃক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মহিউদ্দিন আহমেদ ঝিন্টুকে ক্ষমা ঘোষণার প্রতিবাদে এসএএসপি বুধবার এসসিবিএ প্রাঙ্গনে একটি সভা ও নিয়মিত সাপ্তাহিক মানব বন্ধন কর্মসূচি পালন করে।
নেতৃবৃন্দ অ্যাডভোকেট ইনায়েতুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মানহানি মামলাটি প্রত্যাহারের দাবি জানান। তারা ব্যারিস্টার মওদুদের দ্রুত পদত্যাগ দাবি করেন।
এসএএসটি’র আহবায় ব্যারিস্টার আমির-উল ইসলাম বলেন, আইনমন্ত্রী স্বীকার করেছেন, তার মন্ত্রণালয় ঝিন্টুর ক্ষমার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই বাছাই করতে পারেনি, এর পরেও তার দায়িত্বে বহাল থাকার কোনও সুযোগ নেই।
এছাড়াও সুপ্রিম কোর্টে সৎ, নিষ্ঠাবান, দক্ষ ও অভিজ্ঞ বিচারপতি নিয়োগের দাবিতে এসএএসপি তার নিয়মিত সাপ্তাহিক মানব বন্ধন কর্মসূচি পালন করে।
ব্যারিস্টার আমীর-উল-ইসলামের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসসিবিএ’র সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট বশীর আহমেদ, অ্যাডভোকেট নূরুল ইসলাম সূজন ও অ্যাডভোকেট আবদুল মান্নান।
