জাতীয় পার্টি ভোটার তালিকা হালনাগাদের পক্ষে
জাতীয় পার্টি বর্তমান ভোটার তালিকা হালনাগাদের পক্ষে মত দিয়েছে। কিন্তু তারা নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়ে বলেছে, ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে যেন ২০০৭ সালের সাধারণ নির্বাচন পিছিয়ে না যায়।
বুধবার জাতীয় পার্টি (এরশাদ) নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে অংশগ্রহণ করে। সংলাপে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করেন, নির্বাচনে প্রদত্ত ভোটের ভিত্তিতে সংসদের আসন বন্টন হওয়া উচিত।
এর জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ কাজের জন্যে তিনি সঠিক কর্তৃপক্ষ নন। তারা (জেপি) সরকারের কাছে এই দাবি জানাতে পারেন।
জাফর বলেন, আমরা আপনার কর্তৃপক্ষের ব্যাপারে অত্যন্ত সচেতন। আর তাই আপনি বিষয়টি সরকারকে জানাতে পারেন।
এরশাদ আমলের সাবেক প্রধানমন্ত্রী জাফর নির্বাচন কমিশনে ঘনঘন বা ঝামেলাপূর্ণ সংস্কার না করার অনুরোধ করেন।
কেননা ঘনঘন বা ঝামেলাপূর্ণ সংস্কার সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে পারবে না।
এছাড়াও নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সে জন্যে তিনি স্বাধীন নির্বাচন কমিশন এবং পৃথক বাজেটের পক্ষে মতামত দেন।
পাশাপাশি তিনি পিএসসির মাধ্যমে নির্বাচন কমিশন ক্যাডার তথা এর নিজস্ব জনশক্তি নিয়োগের ব্যাপারে কমিশনের স্বাধীন ক্ষমতা এবং পরিচয় পত্রসহ কম্পিউটারাইজড ভোটার তালিকার পক্ষে মত দেন।
জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী জাফরের সঙ্গে স্বাধীন নির্বাচন কমিশন, আর্থিক শক্তি এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশন ক্যাডার নিয়োগের ব্যাপারে একমত পোষণ করেন।
তিনি আরও বলেন, ভোটার পরিচয়পত্র ইস্যু এখন জাতীয় দাবিতে পরিণত হযেছে। এর আগে সরকার ভোটার পরিচয়পত্র প্রদানের একটি উদ্যোগ নিয়েছিল। কিন্তু তহবিলের অভাবে উদ্যোগটি মাঝ পথেই থেমে যায়। এছাড়াও একই সঙ্গে সারাদেশে ভোটার পরিচয়পত্র দেওয়াও সম্ভব নয়।
প্রধান নির্বাচন কমিশনার সংলাপে অংশগ্রহণের জন্যে জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের সহায়তা পেলে তিনি ২০০৭ সালে জাতিকে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন।
তিনি বলেন, অবিশ্বাস এবং একে অপরের প্রতি সহনশীলতার অভাবে দেশের রাজনীতি জটিল আকার ধারণ করেছে। সমগ্র দেশের কল্যাণে আমাদের এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব রহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।
