২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক লীগ ৩১ জুলাই দাবি দিবসে শ্রমিক সমাবেশ করবে

জাতীয় শ্রমিক লীগ আগামী ৩১ জুলাই দাবি দিবস পালন করবে। ওই দিন ঢাকার মুক্তাঙ্গনে শ্রমিক সমাবেশ এবং দেশের সকল জেলা শহর ও শিল্পাঞ্চলে সভা সমাবেশ, বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধগতি, জোট সরকারের জাতীয় শিল্প ও শ্রমিক স্বার্থ বিরোধী কর্মকাণ্ড, সাম্প্রদায়িক উগ্র জঙ্গীবাদের উত্থানের প্রতিবাদ এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর ও ২১ আগষ্টের গ্রেনেড হামলাকারীদের গ্রেফতার দাবিতে শ্রমিক লীগ এ কর্মসূচি পালন করবে।

বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

শ্রমিক লীগ সভাপতি আবদুল মতিন মাষ্টার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। সংগঠনের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মতিন মাষ্টার বলেন, ২৮ জুলাই পানি উন্নয়ন বোর্ড সিবিএ নির্বাচনকে ঘিরে সরকার শ্রমিক কর্মচারিদের ওপর খড়গহস্ত নেমে এসেছে। সরকারকে হঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, এ নির্বাচনে ক্ষমতা খাটিয়ে কোনো রকম জোর জবরদস্তি করা হলে বাংলার শ্রমজীবী মানুষ তা বরদাশত করবে না।

সংবাদ সম্মেলন থেকে এ নির্বাচনে হাতুড়ি প্রতীকে ভোট দিয়ে তাদের প্যানেলকে জয়ী করতে পানি উন্নয়ন বোর্ড কর্মচারিদের অনুরোধ জানানো হয়।

এছাড়া আগামী ১১ আগষ্ট অনুষ্ঠেয় জনতা ব্যাংক সিবিএ নির্বাচনে জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভূক্ত জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারি ইউনিয়নকে (রেজি নং বি ২০৮৩) মাছ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সংগঠনের নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।