২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকোর সঙ্গে চুক্তি বাতিল, ক্ষতিপূরণ আদায় ও বিচারের দাবি জানিয়েছে আ.লীগ, মামলা হবে বাপেক্স ও নাইকোর বিরুদ্ধে

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ দেশের গ্যাস সম্পদের বিশাল ক্ষতির অভিযোগে বিদেশি কোম্পানি নাইকোর সঙ্গে সম্পাদিত সকল চুক্তি বাতিল, টেংরাটিলায় ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিপূরণ আদায় এবং চুক্তি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্তদের বিচারের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 03:29 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-পরিষদ টেংরাটিলা গ্যাস ফিল্ড পরিদর্শন করে এসে শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুর জানান, বাপেক্স ও নাইকো হাইকোর্টের রায় অমান্য করেছে। তাই নাগরিক কমিটির পক্ষে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ড. হাসান মাহমুদ লিখিত বক্তব্যে বলেন, দুর্নীতি, দায়িত্বহীনতা, অবহেলা ও উদাসীনতা করে আমাদের জাতীয় সম্পদ গ্যাসকে ধ্বংস করা হলে অচিরেই দেশ সংকটে পড়বে।

টেংরাটিলা দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সুইজ চ্যালেঞ্জ’ অনুসরণ না করে নাইকোর সঙ্গে সম্পাদিত চুক্তিটি ছিল অস্বচ্ছ। সাবেক জ্বালানি প্রতিমিন্ত্রী বিডিং ছাড়াই তার পছন্দমতো নাইকো নামের এক আনাড়ি কোম্পানির সাথে চুক্তি করে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন।

তিনি আরও বলেন, উৎপাদন-বন্টন চুক্তি (পিএসসি)স্বাক্ষরে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় জোট সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নাইকোর ‘জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট’ নামক দলিলে স্বাক্ষর করেছে। এ ধরনের চুক্তি দেশে কখনও হয়নি বলে উল্লেখ করেন তিনি।

ড. মাহমুদ বলেন, কেলেংকারির দায়ে জ্বালানি প্রতিমন্ত্রীর পদত্যাগের পর নিয়োগকৃত জ্বালানি উপদেষ্টাও বিদেশি কোম্পানির পক্ষ নিতে শুরু করেছেন। নাইকো দুর্ঘটনা ঘটালেও শাস্তি দেওয়া হলো বাপেক্সের দুই কর্মকর্তাকে।

তিনি বলেন, টেংরাটিলায় ছয় মাসের ব্যবধানে বড় ধরনের দু’টি দুর্ঘটনার কারণে সেখানকার মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষিত হচ্ছে স্থানীয় পরিবেশ। অথচ, ক্ষতিগ্রস্ত মানুষকে তাদের ন্যয্য অধিকার আদায়ে আন্দোলন করতে দিচ্ছেনা সরকার। অন্যায়ভাবে গ্রেফতার নির্যাতন চালানো হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের এবং অজয় কর খোকন।