২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে ব্যাপক আতঙ্ক

লিশের গুলিতে শুক্রবার দক্ষিণ এশীয় বংশোদ্ভূত সন্দেহভাজন বোমা হামলাকারী নিহত হওয়ার পর এবং একটি মসজিদের অভ্যন্তরে রাসায়নিক পদার্থ রয়েছে এমন একটি খবরে লন্ডনে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বিশেষ করে যারা ছাত্র ভিসায় এবং ওয়ার্ক পারমিট নিয়ে লন্ডন অবস্থান করছে তারা বেশি ভয় পাচ্ছে।

পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি মসজিদে এক ব্যাগ রাসায়নিক পদার্থ রাখা আছে, আইন প্রয়োগকারি সংস্থাগুলো এমন তথ্য পাওয়ার পর পুলিশ বাংলাদেশী কমিউনিটির নিয়ন্ত্রনাধীন ‘পূর্ব লন্ডন মসজিদ’টি সিল করে দেয়।

শুক্রবার ব্যাপক তল্লাশী ও নিরাপত্তার মধ্য দিয়ে মুসলমানরা জুম্মার নামাজ আদায় করে।

ঢাকা থেকে টেলিফোনে যোগাযোগ করা হলে মসজিদটির ব্যবস্থাপক আব্দুর রহমান খান জানান, রাসায়নিক পদার্থ রয়েছে এমন খবর পাওয়ার পর শুক্রবারের জুম্মার নামাজের আগে পুলিশ মসজিদটি খালি করে দেয়।

তিনি বলেন, অজ্ঞাত টেলিফোনে মসজিদের ভিতরে রাসায়নিক পদার্থ আছে এবং যখন তখন বিস্ফোরণ ঘটতে পারে এ কথা জানানোর পর মুসল্লিরা ভয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। তবে শেষ পর্যন্ত কিছুই ঘটেনি এবং পুলিশের তল্লাশীতেও কিছুই খুঁজে পাওয়া যায় নি।

আব্দুর রহমান বিডিনিউজকে আরও জানান, পরে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয় এবং নামাজে প্রায় পাঁচ হাজার মুসুল্লি অংশ গ্রহণ করে।

তবে সার্বিক পরিস্থিতিতে লন্ডনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঙালী ছাত্রছাত্রীরা চিন্তিত আছে বলে জানা যায়।

তাদের অনেকেই জানায়, পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে মোড় নিচ্ছে। যদি সম্ভব হতো তাহলে তারা পড়াশোনা ছেড়ে দেশে ফিরে আসার চিন্তা করতো।

ইউনিভার্সিটি অব গ্রিনউয়িচ’র এমএসসি’র এক ছাত্র জানান, আজ পরিস্থিতি এতই খারাপ যে আমি আজ ঘরের বাইরে যাই নি। বাইরে শুধু পুলিশের সাইরেন শোনা যাচ্ছে।

তিনি আরও বলেন, সাত জুলাইয়ের বোমা হামলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছিল। কিন্তু বৃহস্পতিবারের বিস্ফোরণে সম্পূর্ণ চিত্র পাল্টে গেছে। এখানকার মানুষজন আমাদের দিকে এমনভাবে তাকায় যেন আমরাই হামলার জন্য দায়ী।

লন্ডনে তার শুরুর দিকে কথা স্মরণ করে ওই ছাত্র বলেন, এখানে সব কিছুই ছিল ছিমছাম, গোছানো। আর, আজ সবকিছুই ওলট পালট হয়ে গেছ।

শ্যাডওয়ালে বসবাসরত অপর এক বাংলাদেশী ছাত্র বলেন, শুধুমাত্র জাতীয়তা পরিচয়ের কারণে আমাদের পশ্চিমাদের বিভিন্ন মন্তব্য শুনতে হচ্ছে। এটা একটিা মানসিক চাপ।

ওই ছাত্র জানায়, যত তাড়াতাড়ি সম্ভব আমি দেশে ফিরতে চাই। আর মাত্র এক সেমিস্টার পরেই আমার পড়াশুনা শেষ হবে। তবে সম্ভব হলে আমি পড়াশুনা ছেড়েই দেশে ফিরে আসব।

যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি যাদের কাজের অনুমতি রয়েছে তারা জানায়, পাকিস্তানীরা পর পর কয়েক দফা বোমা হামলা চালানোর পর ওরিজিন নিয়ে আমরা চিন্তায় আছি।

বাংলাটাউনের একটি রেস্টুরেন্টে কর্মরত ভীতসন্ত্রস্ত এক বাংলাদেশী জানান, ব্রিটিশ অভিবাসন আইনের পরিবর্তন হতে পারে বলে তিনি চিন্তার মধ্যে আছে।

পপলারে বসবাসরত এক বাংলাদেশী গৃহিনী জানান, আমি ও আমার ছেলে মেয়েরা দুইদিন ধরে ঘরের বাইরে যাই না। পরিস্থিতি অত্যন্ত আতঙ্কজনক। আমাদের প্রতি ব্রিটিশ পুলিশের আচরণ নাটকীয় ভাবে পরিবর্তিত হয়ে গেছে।

লন্ডনে তিন বছর ধরে বসবাসরত এবং লন্ডন কলেজ এণ্ড ম্যানেজমেন্টে কর্মরত এক বাংলাদেশী বলেন, কিছু কিছু লোক আমাদের দিকে এমনভাবে তাকায় যেন আমরাই বোমা হামলা চালিয়েছি। অথচ আমরাই এখন হামলার বড় শিকার।