সংস্কার প্রস্তাব নিয়ে সংসদের বাইরে আলোচনার ব্যাপারে ইইউ’র মতকে স্বাগত জানিয়েছেন আ.লীগ সাধারণ সম্পাদক
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে সংসদের বাইরে আলোচনা হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়ন নেতৃবৃন্দ যে অভিমত ব্যক্ত করেছেন, তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
প্রধান নির্বাচন কমিশনারের সাথে রোববার আলোচনাকালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতগণ এ অভিমত প্রকাশ করেন।
এক বিবৃতিতে সোমবার আব্দুল জলিল বলেন, আগামীতে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্যে তাদের এ দৃষ্টিভঙ্গি ইতিবাচক ফল নিয়ে আসবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের মতামতেও আমাদের বক্তব্যের প্রতিফলন ঘটেছে।
তিনি বলেন, রাষ্ট্রদূতগণ প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনায় ভোট গ্রহণের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের যে প্রস্তাব দিয়েছেন, তা যুগোপোযোগী এবং জাল ভোট প্রদানের প্রবণতা রোধে অত্যন্ত কার্যকর। বিরোধী দলের সংস্কার প্রস্তাবনাতেও আমরা স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের প্রয়োজনীয়তার কথা বলেছি।
আব্দুল জলিল বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার ও বর্তমান নির্বাচন কমিশন যে আন্তরিক নয়, প্রধান নির্বাচন কমিশনার স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের প্রস্তাবে আপত্তি জানিয়ে সেই আশংকাকেই বাড়িয়ে দিয়েছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে বলেন, একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে কোনও গঠনমূলক ও কার্যকর আলোচনায় অংশগ্রহণে আওয়ামী লীগের আন্তরিকতা ও সদিচ্ছার কোনও ঘাটতি থাকবে না।
