বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?
বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ক্ষমতাসীন বিএনপি এবং বিরোধী দল আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক নিষ্পত্তির নিয়ে এটা এখন দেশের সংশ্লিষ্ট মহলের মধ্যে সবচে আলোচিত প্রশ্ন।
সরকার এবং বিরোধী অবস্থানের প্রধান দুটি রাজনৈতিক দল পারস্পরিক বিতর্কিত বিষয়সমূহ নিয়ে সংলাপে আগ্রহী হলেও উদ্যোগ নেয়ার কেউ নেই।
সোমবার পর্যন্ত সরকার এবং বিরোধী উভয় রাজনৈতিক দলই তত্ত্ববধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে গণমাধ্যমগুলোতে পরষ্পরবিরোধী জোরদার বক্তব্য বিনিময় করেছে।
তবে এ বিতর্ক নিয়ে উভয় দলকে এক আলোচনার টেবিলে বসানোর জন্য কোনও মহলের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয় নি।
তত্ত্ববধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের সংস্কার ইস্যু নিয়ে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এবং সমমনা ১৪ দলীয় জোট বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
সরকার মনে করছে, যে কোনও আলোচনা সংসদ অভ্যন্তরে হওয়া উচিত। কিন্তু বিরোধী দল মনে করে সরকারকে অবশ্যই ২০০৭ সালের জানুয়ারির ২৭ তারিখের আগেই অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্ববধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে।
অন্যদিকে, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় রাষ্ট্রদূতরা মনে করছেন, বহুল আলোচিত তত্ত্ববধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের সংস্কার ইস্যু নিয়ে সংসদের বাইরে এবং ভিতরে উভয় স্থানেই সরকার এবং প্রধান বিরোধী দল আওয়ামী লীগের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী রোববার সাংবাদিকদের বলেন, এই সমস্ত ইস্যু নিয়ে আলোচনার জন্য আমরা সংসদকেই প্রাধান্য দেব। কিন্তু আলোচনা বাইরেও হতে পারে। কেননা সংসদে বিস্তারিত আলোচনা হওয়ার সুযোগ কম থাকে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, বিরোধী দলের উত্থাপিত ইস্যু নিয়ে আলোচনার জন্য সংসদ হলো উত্তম জায়গা। অবশ্যই সেখানে নির্বাচন কমিশনের ইস্যু নিয়েও আলোচনা হতে পারে।
অপরদিকে, বিরোধী দল আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য তোফায়েল আহমেদ জানান, সরকারকে অবশ্যই তত্ত্ববধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের সংস্কার সংক্রান্ত দাবি নীতিগতভাবে মেনে নিতে হবে। এরপর আলোচনার জন্য স্থান কোনও বাধা হবে না।
তিনি আরও বলেন, আমরা যে কোনও সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। বল এখন সরকারের কোর্টে রয়েছে। সিদ্ধান্তটা তাদেরকেই নিতে হবে।
কানের চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জানান, অতীতের মতো এবারও আন্দোলনের মাধ্যমে সরকারকে সংস্কার ইস্যু মানতে বাধ্য করা হবে।
ক্ষমতাসীন বিএনপি’র এক নেতা বিডিনিউজকে জানান, আওয়ামী লীগ যদি সংসদে আসে এবং তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থার সংষ্কার প্রস্তাব আনতে চায় তাহলে সংবিধানের পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে আওয়ামী লীগ সাংসদরা কণ্ঠভোটে হেরে যাবে।
