২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের প্রস্তাব নির্বাচন না করার ইঙ্গিত: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধী দলের সংস্কার প্রস্তাবের সমালোচনা করে বলেছেন, আওয়ামী লীগসহ ১৪ দলের প্রস্তাব মূলত: নির্বাচন না করার ইঙ্গিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

তিনি বলেন, তবে জাতীয় পার্টি সাথে থাকলে আওয়ামী লীগও নির্বাচনে যাবে। জাতীয় পার্টি কারো সাথেই নেই, নিজের সাথে থাকবে।

সোমবার ঢাকার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ ও কাজী জাফর আহমেদ। পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।

রওশন এরশাদ দলের চেয়ারম্যানের বিভিন্ন কর্মকাণ্ড ও গঠনতন্ত্রের যথাযথ ব্যবহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, চামচাদের কথা শুনে একা একা কোনো কাজ করা যাবে না। দলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের প্রাধান্য দিতে হবে। কোনো গ্রুপের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না।

তিনি প্রার্থী মনোনয়নের সমালোচনা করে বলেন, একজনকে প্রার্থী করা হয়, অপরজনকে প্রতীক দেওয়া হয়। মনোনয়ন পেয়ে অনেকে বিক্রি করে দেয়। এটি দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে।

এ সময় সভায় উপস্থিত সকলে তার বক্তব্যকে করতালি ও হর্ষধ্বণি দিয়ে স্বাগত: জানান।

এইচএম এরশাদ তার বক্তব্যে বলেন, সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে তত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে পাওয়া যাবে না। যেখানে সবাই আল্লাহকে বিশ্বাস করে না, সেখানে একজন গ্রহণযোগ্য মানুষ পাওয়া কঠিন। আর নির্বাচিত রাষ্ট্রপতির পরিবর্তে তত্ববধায়ক সরকারের হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার প্রস্তাবেরও কোনো যুক্তি নেই।

তিনি যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিরও সমালোচনা করে বলেন, যুদ্ধাপরাধীদের অযোগ্য ঘোষণার দাবি অযৌক্তিক। কারণ দেশে যুদ্ধাপরাধীদের কোনো তালিকা নেই।

তিনি প্রশ্ন রেখে বলেন, তাহলে কিভাবে যুদ্ধাপরাধীদের অযোগ্য ঘোষণা করা হবে। আর এর সিদ্ধান্ত কে নেবে, আওয়ামী লীগ?

তিনি আরো বলেন, বিগত নির্বাচনের আগে আমরাও চারদলীয় জোটে ছিলাম। প্রতীক নিয়ে জটিলতা এড়াতে জোট থেকে বেরিয়ে সংসদে যোগ দেই।

এরশাদ বলেন, নির্বাচন করতে পারবো না, প্রধানমন্ত্রী হতে পারবো না, তাই দেশের মানুষ গত নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দেয়নি। তবে এবার আমি নির্বাচন করতে পারবো। আগামী নির্বাচনই প্রমাণ করবে ঘাত-প্রতিঘাতেও জাতীয় পার্টির কোনো ক্ষতি করা যায়নি। দেশের মানুষ আজো জাতীয় পার্টিকে চায়।

তিনি বলেন, দুই সরকারের ব্যর্থতার কারণে মানুষ আজ আমাদের চায়। জাতীয় পার্টির সময় দেশে সুশাসন ও শৃংখলা ছিলো। সেটি ছিলো একটা স্বর্ণযুগ। সংগঠনকে শক্তিশালী ও নেতাকর্মীদের সংগঠিত করতে পারলে মানুষ আগামীতে আবারো জাতীয় পার্টিকে ভোট দেবে। সমালোচনা নয় সহযোগিতার মাধ্যমে ওই সংগ্রামে জয়ী হতে হবে।