২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করে বিরোধী দলকে সংসদে আসার আহবান জানিয়েছেন মান্নান ভূঁইয়া

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া শুক্রবার তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কারের ১৪ দলের প্রস্তাব প্রত্যাখ্যান করে জাতীয় সংসদে তাদের প্রস্তাব উপস্থাপন করতে পরামর্শ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

তিনি বলেন, বিরোধী দলের দাবিসমূহের কয়েকটি দাবি নির্বাচনী ব্যবস্থাকে আরও জটিল করে তুলবে। কয়েকটি দাবি বর্তমান ব্যবস্থায় বিদ্যমান আছে। সংসদে কালো টাকা ও সন্ত্রাসীদের প্রসঙ্গসহ বাকি দাবিগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের ৩১ দফা প্রস্তাব সম্পর্কে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। মান্নান ভূঁইয়া বেইলি রোডের তার সরকারি বাসভবনে সাংবাদিকদের আরও বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী দলসমূহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করতে সংস্কারের প্রস্তাব দিয়েছে। বিরোধী দল হয় সরকারের বিরুদ্ধে ইস্যু তৈরি করতে অথবা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে ব্যাহত করতে তারা এ প্রস্তাব উত্থাপন করেছে।

বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হবে। বিএনপি ও চার দলীয় জোট আরও বেশি ভোট এবং আরও বেশি আসন পাবে।

তিনি বলেন, সকল দলের ঐক্যমতের ভিত্তিতে তত্ত্ববধায়ক সরকারের প্রধান নিয়োগ করার বিষযটি অযৌক্তিক।

বিএনপির মহাসচিব আরও বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে কথা হয় না। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর সমঝোতার মাধ্যমে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে কিভাবে নিয়োগ দেওয়া সম্ভব? একই কারণে ঐক্যমত ও সমঝোতার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া সম্ভব নয়। উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারা এইসব দাবি করছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন এখন স্বাধীনভাবে কাজ করছে এবং সংশ্লিষ্ট আইন দ্বারা পরিচালিত হচ্ছে।

মান্নান ভূইয়া ৩১ দফাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সংসদে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও জানান, এই প্রস্তাব নিয়ে বিএনপি’র পার্টি পর্যায়ে পরে আলোচনা করা হবে।