তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে ১৪ দলের অভিন্ন রূপরেখা ঘোষণা
তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন ও নির্বাচনী আইন সংস্কার বিষয়ে আওয়ামী লীগসহ ১৪ দল তাদের অভিন্ন প্রস্তাবনা ঘোষণা করেছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জনাকীর্ণ এক যৌথ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ১৪ দলের পক্ষে সমন্বিত এ রূপরেখা জাতির কাছে উপস্থাপন করেন।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ঘোষিত রূপরেখায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারে পাঁচ দফা, নির্বাচন কমিশন সংস্কারে ১৫ দফা এবং নির্বাচনী আইন ও বিধি সংস্কারে ১১ দফা প্রস্তাব করা হয়েছে।
১৪ দল দাবি করেছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণ কোনো রাজনৈতিক দল অথবা কোনো দলের সাথে যুক্ত কোনো সংগঠনের সদস্য হবেন না। আর প্রধান উপদেষ্টাকে হতে হবে সকল রাজনৈতিক দলের আস্থাভাজন।
শেখ হাসিনা বলেন, শুধুমাত্র বিচার বিভাগের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই নিয়োগের ক্ষেত্র ব্যাপক ও বি¯তৃত করতে হবে।
এছাড়া সংসদীয় সরকার ব্যবস্থাকে বিবেচনায় রেখে তত্ত্বাবধানকালীন সময়েও রাষ্ট্রপতি সকল বিষয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী কাজ করবেন।
সমন্বিত প্রস্তাবনায় বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ রাজনৈতিক দল সমূহের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে করতে হবে। নির্বাচন কমিশনার কতজন হবেন, তাও নির্ধারণ করতে হবে।
নির্বাচন কমিশন নির্বাচন তত্ত্বাবধান, পরিচালনা এবং নিয়ন্ত্রণমুক্ত থেকে সম্পূর্ণ স্বাধীন পরিবেশে যেন কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে।
প্রস্তাবনায় বলা হয়, নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত সম্পূর্ন স্বাধীন সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের একটি স্বাধীন সচিবালয় থাকবে।
নির্বাচনী আইন ও বিধি সংস্কারের প্রস্তাবে বলা হয়, নির্বাচনে টাকার খেলা বন্ধ এবং নির্বাচকে সন্ত্রাস, পেশী শক্তির প্রভাব ও দুর্বৃত্তমুক্ত করতে হবে। প্রার্থীদের সম্পদ, নির্বাচনী ব্যয় ও পরিচয় প্রকাশ করতে হবে। নির্বাচনী প্রচারনায় ধর্মের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
নির্বাচনের নিরাপত্তা বিধান, সন্ত্রাস ও সাম্প্রদায়িক কর্মকা-ের বিরুদ্ধে প্রতিরোধ ও নির্বাচনী আইনের প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ন্যস্ত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে নির্বাচন কমিশনের ওপর।
এছাড়া, প্রচলিত আইন সংস্কার করে সংরক্ষিত মহিলা আসনে আসন সংখ্যা বৃদ্ধি এবং সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
