২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের অভিন্ন সংস্কার প্রস্তাবনা শুক্রবার যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে আওয়ামী লীগসহ ‘১৪ দল’ তাদের সমন্বিত প্রস্তাবনা চূড়ান্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 10:30 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠেয় এক যৌথ সংবাদ সম্মেলনে অভিন্ন এ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবেন।

সমন্বিত রূপরেখা ঘোষণার পর সরকারকে তা মেনে নেওয়ার জন্যে সময়সীমা বেঁধে দিয়ে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে ১৪ দলের এক সভা বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর বাসভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৪ দলের সংস্কার প্রস্তাবনা বিষয়ক উপ কমিটির খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইনগত বিভিন্ন দিক ছাড়াও ভাষাগত নানা খুঁটি-নাটি বিষয়ে আলোচনা শেষে তা চূড়ান্ত করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ১১ দলের এক সভা গণফোরাম সভাপতি এবং বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের উদ্যোগে ইতোপূর্বে সংস্কার বিষয়ে পৃথক ও সমন্বিত বেশ ক’টি বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, শুক্রবারের যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।