ঢাবি’র শিক্ষককে হত্যার হুমকি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরিন খন্দকারকে বৃহস্পতিবার চিঠি মারফত হত্যার হুমকি দেয়া হয়েছে। তার কাছে একলাখ টাকার দাবি করা হয়েছে।
রাজশাহী থেকে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী পরিচয় দিয়ে আবদুল মান্নান নামে এক ব্যক্তি এ চিঠিটি পাঠিয়েছে বলে ড. খন্দকার জানান।
চিঠির ভাষা উদ্ধৃত করে নাসরিন খন্দকার জানান এতে বলা হয়েছে , “এক লাখ টাকা না দিলে তোমাকে হুমায়ূন আজাদের মতো হত্যা করা হবে”।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে শিক্ষক সমিতি নেতৃবৃন্দের সামনে ড. নাসরিন খন্দকার তাকে দেওয়া এ হুমকির কথা জানান।
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের সাথে যোগাযোগ করা হলে তিনি হুমকির কথা স্বীকার করেন। তিনি বলেন, ড. খন্দকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছেন এবং কর্তৃপক্ষ রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
পুলিশের ডিসি সাউথ মাজহারুল হক অধ্যাপক নাসরিনের বাসভবন পরিদর্শনে গেছেন বলে পুলিশ সূত্র জানায়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, তারা একটি সাধারণ ডায়েরি গ্রহণ করেছেন। তিনি বলেন, আমরা বিষয়টি দেখছি।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আআমস আরেফিন সিদ্দিক বলেন, ‘স্বাধীনতার পক্ষের শক্তির অনেকেই এভাবে হত্যার হুমকি পাচ্ছে।’
