জনগণের ভোটাধিকার সমুন্নত করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই আমাদের আগামীর লড়াই: আ.লীগ
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, আমাদের আগামীর লড়াই হবে জনগণের সত্যিকারের ভোটাধিকার সমুন্নত করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়া। এক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশের ভালো বিষয়গুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের উন্নয়নে কাজে লাগাতে হবে।
সম্প্রতি চীন সফরকারী আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় বুধবার তারা একথা বলেন।
গণতান্ত্রিক আন্দোলনে দেশের যুব সমাজকে সংগঠিত করতে যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানান তারা।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এসভায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না এবং আব্দুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক।
