দেশবিরোধী সরকারের পতন ঘটাতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ
আন্দোলনের মাধ্যমে দেশবিরোধী সরকারের পতন এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনতার সরকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের নেতারা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি চীন সফরকারী আওয়ামী লীগ নেতারা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি মঙ্গলবার সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ আহবান জানান।
ব্রিফিংকালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আব্দুর রহমান ও বীর বাহাদুর এমপি এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এ সময়ে উপস্থিত ছিলেন।
সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সাম্প্রতিক চীন সফরের বিষয়টি উল্লেখ করে বলেন, চীনে কৃষিক্ষেত্রে বিপ্লব সাধিত হয়েছে, শিল্পক্ষেত্রে দ্রুত উন্নয়ন হচ্ছে। তাদের এ উন্নয়ন কৌশল থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জাতিগঠনে তা কাজে লাগাতে পারি।
