পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সাথে সফররত ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাত
বাংলাদেশ সফররত ভারতের সংসদ ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী বিজয় কৃষ্ণ হ্যানডিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জিয়াউর রহমানের সাথে সাক্ষাত করেন।
এ সময় তারা পারস্পারিক ও দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন।
ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা জানান, ভারতের লোকসভায় বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতি হিসেবে বিরোধী দলের সদস্যরাও নির্বাচিত হন। সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি সাংবিধানিকভাবেই বিরোধী দল থেকে নির্বাচিত হন।
এ সময় দুই দেশের মধ্যে সংসদীয় প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে পারস্পারিক সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে অভিন্ন মত প্রকাশ করা হয়।
ভারতীয় প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধির রঞ্জন চৌধুরী, বিজেপির এমএ খারাবেলা স্যান, সিপিএম’র মতিলাল সরকার, সমাজবাদী পার্টির প্রফেসর এসপি সিং বাঘেল।
এছাড়াও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মোজাম্মেল হক, চৌধুরী আকমল ইবনে ইউসুফ।
এছাড়াও সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মোহাম্মদ আলী হাসান এসময় উপস্থিত ছিলেন।
