২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট অধিবেশনে মানুষের আশা-আকাঙখার প্রতিফলন ঘটেনি: বিরোধী দলীয় উপনেতা

জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেছেন, সংসদের বাজেট অধিবেশন ব্যর্থ হয়েছে। এ অধিবেশনে দেশের মানুষের আশা-আকাঙখার কোনও প্রতিফলন ঘটেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

রোববার সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংসদ অধিবেশনের সমাপনী দিনে বিরোধী দলের প্রতিক্রিয়া ব্যক্ত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আব্দুল হামিদ প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সংসদে যোগদান না করার কারণ ব্যাখ্যা করে বলেন, বিরোধী দলকে সংসদে কথা বলতে দেওয়া হয় না। তাই বিরোধী দল বাজেট অধিবেশনে যোগ দিয়ে কোন ভূমিকা রাখতে পারবে না বলেই আমরা সংসদে যোগ দেইনি। 

তিনি বলেন, কোন ব্যক্তি সংসদে জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে সংসদে কথা না বলার বিষয়টি স্পিকার নিরূৎসাহিত করেন। কিন্তু স্পিকার তা করেননি। বরং বিরোধী দলকে কটাক্ষ করে বক্তব্য রাখা হয়েছে।

সংসদে সংবাদপত্র নিয়ে কটাক্ষ করে আলোচনার সমালোচনা করে তিনি বলেন, দেশের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ অবস্থায় সংবাদপত্রের খবরের মাধ্যমেই দেশের মানুষ সব কিছু জানতে পারে। তাই সরকারের মন্ত্রী ও এমপিরা ক্ষুব্ধ। তারা সংবাদপত্রের কণ্ঠরোধের চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, স্পিকার বক্তব্যে তাদের বক্তব্যকে সমর্থন করে সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করেছেন। স্পিকারের চেয়ারে বসে তিনি এটা করতে পারেন না। তার ওই বক্তব্য আদালতকে প্রভাবিত করেছে। তাই সাংসদ পিন্টুর দায়ের করা জামিনযোগ্য মামলায় হয়রানি করতে পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বিরোধী দলীয় উপনেতা বলেন, সংসদে দ্বৈত নীতি চলছে। সরকারি দলের মন্ত্রীরা ও এমপিরা কোন অনুষ্ঠান করলে তাতে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়। অথচ বিরোধীদলের পক্ষ থেকে কোন কিছু করলে তাদের আসতে দেয়া হয়না। তিনি বলেন, একই অবস্থা চলে সংসদের বৈঠকেও। বিরোধী দলের সদস্যরা কোন কথা বলতে চাইলে তাদের কথা বলতে দেয়া হয় না। অথচ সরকারি দলের সদস্যদের যাচ্ছেতাইভাবে কথা বলতে দেওয়া হয়। এটা কোন গণতান্ত্রিক দেশে চলতে পারে না।

তিনি বলেন, বিরোধী দলেন কণ্ঠরোধ করতেই তারা এ ধরনের দ্বৈত নীতির অনুসরণ করছে।