শেখ হাসিনার নতুন বুলেটপ্রুফ মার্সিডিজ ওয়াগন দু’টি এখন সুধাসদনে, চালকদের ট্রেনিং শেষ, শিগগিরই ব্যবহার শুরু
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্য আনা অত্যানুধিক প্রযুক্তিসম্পন্ন বুলেটপ্রুফ মার্সিডিজ বেঞ্জ ওয়াগন দু’টি এখন সুধাসদনে।
গাড়ি দুটির (নম্বর : ঢাকা মেট্রো ঘ - ১১ - ৬৩৬২ এবং ঢাকা মেট্রো ঘ - ১১ - ৬৩৬৪) ব্যবহার খুব শিগগিরই শুরু হবে। শেখ হাসিনার দু’জন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ও ৩ জন চালক ইতোমধ্যেই লেফট হ্যা- ড্রাইভিংয়ের বিশেষ মডেলের এ ওয়াগন দু’টি বাংলাদেশের রাস্তায় চালনায় তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
গাড়ি দু’টি গত মঙ্গলবার রাত ১১ টায় ধানম-ি ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু ভবন থেকে শেখ হাসিনার বাসভবন সুধাসদনে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র বিডিনিউজকে জানিয়েছে, ওয়াগান দু’টি চালানোর জন্য শেখ হাসিনার দুই নিরাপত্তা রক্ষী সাবেক সেনা সদস্য বদরুজ্জামান ও দেলোয়ার এবং ব্যক্তিগত গাড়ি চালক মোগল মার্সিডিজ কোম্পানির ঢাকাস্থ এক্সপার্টদের কাছ থেকে গত ১৮ দিন প্রশিক্ষণ নিয়েছেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন রাস্তায় লেফট হ্যা- ড্রাইভিংয়ের ওয়াগন চালানোর প্রশিক্ষণ নেন। অবশ্য এর মধ্যে বদরুজ্জামান আগে থেকেই লেফট হ্যা- গাড়ি চালানোয় অভিজ্ঞ। আর দেলোয়ার মার্সিডিজ চালনায় বিশেষ ভাবে দক্ষ।
এছাড়া শেখ হাসিনার দু’জন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব:) রফিক ও মেজর (অব:) শোয়েবও বিশেষ সরঞ্জামাদি সম্পন্ন এ ওয়াগন চালনার প্রশিক্ষণ নিয়েছেন।
শেখ হাসিনার ব্যবহৃত আগের বুলেটপ্রুফ মার্সিডিজ বেঞ্জ ওয়াগনের মতো নতুন ওয়াগন দু’টোও বাইরে থেকে দেখতে একই ডিজাইন ও রঙের (সিলভার)। তবে আগেরটির চেয়ে অধিক সুবিধাসম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির নতুন ওয়াগন দু’টির ভেতরে বিশেষ ধরণের ক্লোজ সার্কিট ক্যামেরা ও স্টিয়ারিংয়ের সঙ্গে সুইচ সম্বলিত মোবাইল ফোন সংযুক্ত করা আছে।
এছাড়া হাই সেনসেটিভ এ ওয়াগনে অনাকাংখিত দুর্ঘটনা এড়াতে এমন ধরণের সিগন্যাল যন্ত্র বসানো হয়েছে, যাতে সামনে বা পেছনে কোনো সমস্যা হতে পারে এমন আশংকা হলেই গাড়ির ভেতরে দ্রƒত এলার্ম বেজে উঠবে। তখন চালক সতর্ক হয়ে দ্রƒত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
২০০১ সালে বিএনপি জামাত জোট রাষ্ট্র ক্ষমতায় এসে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সদস্যদের নিরাপত্তা আইন বাতিল করে দেয়। তার জন্য দেওয়া বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফও (স্পেশাল সিকিউরিটি ফোর্স) প্রত্যাহার করে নেওয়া হয়।
এ পরিস্থিতিতে তার নিরাপত্তার কথা বিবেচনা করে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ প্রথম মার্সিডিজ বেঞ্জের একটি বুলেট প্রুফ ওয়াগন শেখ হাসিনার জন্য পাঠায়। এতদিন তিনি এ গাড়িটিই ব্যবহার করে আসছেন।
তবে গত বছরের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ওই দিন ট্রাকে নির্মিত মঞ্চ থেকে দ্রুত নেমে গাড়িতে ওঠার মুহূর্তেও সরাসরি তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোঁড়া হয়। এতে তার দেহরক্ষী মাহবুব নিহত হলেও তিনি অল্পের জন্যে প্রাণে রক্ষা পান। অনেকের ধারণা, তার ব্যবহৃত বুলেট প্রুফ গাড়িটিই তার জীবন রক্ষায় সাহায্য করেছে।
এই ঘটনার পর দীর্ঘদিন গাড়িটি আর ব্যবহৃত হয়নি। পরে তা মেরামত করে আবারও ব্যবহার শুরু করেন আওয়ামী লীগ প্রধান।
তবে শেখ হাসিনার জীবনের নিরাপত্তার জন্যে আওয়ামী লীগ এখনও উদ্বিগ্ন। ২১ আগস্টের হামলাকারীরা এখনও ধরা পড়েনি। আওয়ামী লীগের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে, সরকার ২১ আগস্টের নৃশংস ওই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত করছে না। অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে বলেও বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ রয়েছে।
দলীয় সূত্র জানায়, আগামী দিনে আন্দোলন সংগ্রাম ও সারাদেশে শেখ হাসিনার গণসংযোগ কর্মসূচি আরও বাড়বে। যে কারণে আওয়ামী লীগ প্রধানের জন্যে অধিক নিরাপত্তা নিশ্চিত করতে এ গাড়ি দুটি আনা হয়েছে।
