সরকারি কর্মকর্তাদের দলীয় সরকারের অন্যায় আদেশ পালন করা উচিৎ নয় : রেজা কিবরিয়া
গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া বলেছেন, সরকারি কমকর্তাদের দলীয় সরকারের অন্যায় আদেশ পালন করা উচিৎ নয়।
কেননা কোন ক্ষমতাসীন দলের অনুগত হিসেবে নয়, বরং প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে তারা জনগণের সেবা করতে শপথ নিয়েছেন।
কিবরিয়া হত্যাসহ সকল রাজনৈতিক হত্যাকান্ডের বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার ‘শান্তির সপক্ষে নীলিমা’ নামের নিয়মিত সাপ্তাহিক মানব বন্ধন কর্মসূচি চলাকালে তিনি বিডিনিউজকে এ কথা বলেন।
কিবরিয়া হত্যাকান্ডের তদন্ত কার্যে হবিগঞ্জের জেলা প্রশাসকের ভূমিকাকে বিতর্কিত হিসেবে উল্লেখ করে ড. রেজা কিবরিয়া তার প্রতি অনাস্থা প্রকাশ করেন। সেই সাথে তিনি বলেন, আমি বিশ্বাস করি, এখনও কিছু সাহসী ও দৃঢ়চিত্তের কর্মকর্তা আছেন, যারা ন্যায়ের পক্ষে দাঁড়াতে কুণ্ঠা বোধ করেন না।
এ পর্যন্ত নির্বিঘেœ ‘শান্তির সপক্ষে নীলিমা’ কর্মসূচি পালন করতে দেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। তবে নির্দিষ্ট ভাবে কারও নাম উল্লেখ না করে তিনি সরকারের একটি অংশ কর্তৃক ‘গোপনে তদন্ত কাজে বাধা প্রদানের’ অভিযোগ করেন।
ধানমন্ডি ৩২ নং সড়কে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে অনুষ্ঠিত বৃহস্পতিবারের কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনতা অংশ নেয়।
কর্মসূচিতে নিহত সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া ও তাঁর চার বোন, আত্মীয়-স্বজনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদ, রাশেদ মোশাররফ, আওয়ামী ওলামা লীগ ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, সাধারণ সম্পাদক ও অন্যান্য নগর নেতারা উপস্থিত ছিলেন।
