২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল জাতীয়তাবাদী ছাত্রদলের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবার ছয় নেতা-কর্মী আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সংঘর্ষে আহত শিশির, শুভ্র, বাবলু, ফয়সাল, জুনায়েদ ও মিল্টনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে গুরুতর আহত শিশিরকে কমফোর্ট হাসপাতাল এবং অন্য তিনজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় ।

আহতরা জানায়, তারা সবাই ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল গ্রুপের নেতাকর্মী।

আহত একজন জানান, দুপুর দুইটার দিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর অনুগত প্রায় দশজন নেতাকর্মী তাদের উপর হামলা চালায়। শুভ ও হাসানের নেতৃত্বে হামলাকারীরা তাদের নির্মমভাবে মারধর করে বলে আহতরা সাংবাদিকদের জানায়।

হামলাকারীরা হলের ২১৮ এবং ৩০১০ নম্বর রুম দু’টি ভাংচুর করে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে শফিউল বারী বলেছেন, হামলাকারীরা যে-ই হোক, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বলেছেন, এ ঘটনা প্রসঙ্গে প্রোক্টরের রিপোর্ট পাওয়ার পর কর্তৃপক্ষ দোষী ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।