এরিককে ফিরিয়ে দিতে এরশাদের কাছে বিদিশা চিঠি দিয়েছে
শিশুপুত্র এরিককে ফিরিয়ে দিতে এরশাদের কাছে পর পর দুটি চিঠি দিয়েছেন বিদিশা। কুরিয়ার ও বার্তা বাহকের মাধ্যমে বিদিশা চিঠি দেন।
মঙ্গলবার গুলশানের নিকেতনে নিজস্ব ফ্লাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদিশা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বিদিশা বলেন, অসুস্থ ছেলে এরিককে এক নজর দেখার জন্য ব্যাক্তিগত চিঠি দিয়ে আমি এরশাদ সাহেবকে অনুরোধ করেছি।
তিনি বলেন, ডাক্তাররা পরামর্শ দিয়েছেন, এরিকের মা বাবা উভয়কেই প্রয়োজন। তা না হলে সে আরো বেশী অসুস্থ হতে পারে। আজকালের মধ্যে এরিককে এরশাদের কাছ থেকে ফিরিয়ে আনতে লোক পাঠানো হবে।
এরশাদ সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, সে বিষয়ে বিদিশা বলেন, ‘এরশাদের বয়স বেশী হয়েছে, তাই তিনি আবোল--তাবোল বলছেন। এরশাদ এখন এ বিষয়ে কাদা ছোঁড়াছুড়ি করে মিডিয়া কাভারেজ পেতে চান। এ কারণে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন।’
বিদিশা এরশাদের বিরুদ্ধে হুঁসিয়ারি উচ্চারণ করে বলেন, আমি এখনো মুখ খুলিনি। এরশাদ আমার ১৪ বছর ধরে তিলে তিলে গড়া সোনার সংসার ভেঙেছে। কিন্তু এখন কারো ক্ষতি করার মতো মন বা মানসিকতা কোনোটাই আমার নেই।
