২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি ছাড়াই ১৪ দলের সভা: সরকার বিরোধী জোট ও সংস্কার বিষয়ে অভিন্ন রূপরেখা প্রণয়নে ঐকমত্য

আওয়ামী লীগসহ সমমনা ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে একটি অভিন্ন রূপরেখা প্রণয়ন ও খুব শিগগিরই তা জাতির সামনে উপস্থাপনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

১১ দল, জাসদ ও ন্যাপ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলনও এগিয়ে নিতে চায়। তবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সম্ভাব্য এ জোট এবং সংস্কার বিষয়ে অভিন্ন রূপরেখা প্রণয়নের সঙ্গে শেষ পর্যন্ত থাকছে না ।

শনিবার দুপুরে ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতারা আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘ বৈঠক করে অমিমাংসিত বিভিন্ন বিষয় চূড়ান্ত করে। সংস্কার বিষয়ক রূপরেখা চূড়ান্ত করতে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। সিপিবি এ বৈঠকে উপস্থিত ছিলো না। তবে তারা আওয়ামী লীগসহ সমমনাদের সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলন অব্যাহত রাখবে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সাংবাদিকদের জানিয়েছেন।

আব্দুল জলিলের গুলশানের বাসভবনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগসহ ১১ দল, জাসদ ও ন্যাপের  তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলোর ওপর বিস্তারিত আলোচনা হয়।

এ সভায় সমন্বিত রূপরেখা চূড়ান্ত করতে গঠিত কমিটিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ছাড়াও রয়েছেন- রাশেদ খান মেনন, অধ্যাপক শামসুল হুদা হারুন, দিলীপ বড়–য়া, নুরুল ইসলাম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও শরিফ নুরুল আম্বিয়া।

আওয়ামী লীগসহ ১৪ দল নেতৃবৃন্দ রোববার আবারও বৈঠকে বসবেন বলে আব্দুল জলিল জানিয়েছেন।