জনগণকে নিয়েই সরকার বিরোধী মহাজোট, কারো জন্যে অপেক্ষা নয়: দেশে ফিরে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দু’সপ্তাহের ইউরোপ সফর শেষে শনিবার দেশে ফিরে ‘জনগণকে নিয়ে জোট সরকারের বিরুদ্ধে মহাজোট’ গঠনের ঘোষণা দিয়েছেন।
বিকেলে তার ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বিএনপি-জামাত জোটের দুঃশাসনের কবল থেকে মানুষ মুক্তি চায়। তাই জনগণকে নিয়েই হবে এ মহাজোট। সরকার বিরোধী সম্ভাব্য জোটে সিপিবি’র পিছুটানের বিষয়টিকে ‘১১ দলের অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে আওয়ামী লীগ প্রধান বলেন, জনগণের স্বার্থে কারো জন্যে আর অপেক্ষা না করে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন এগিয়ে নেবো।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্যে আবারও আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা ফ্রান্স, রাশিয়া ও লণ্ডন সফর শেষে শনিবার সকালে দেশে ফেরেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউরোপ সফরের অভিজ্ঞতা ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে তিনি তার বক্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, এ সরকারের শাসনামলে দেশের মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। তাই দেশ পরিচালনায় ব্যর্থ, অযোগ্য ও দুর্নীতিবাজ সরকারের কবল থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে আওয়ামী লীগসহ সমমনাদের নিয়ে অচিরেই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে শেখ হাসিনা সাংবাদিকদের জানান।
সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
