সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফলে সৃষ্ট বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ
বিশ্ব ছাত্র যুব উৎসব উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে বক্তারা সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফলে সৃষ্ট বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সাথে তারা যুব সম্প্রদায়ের মধ্যে মানবতাবাদী শক্তির উত্থানে আশাবাদ প্রকাশ করেন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ১৬ তম বিশ্ব ছাত্র যুব উৎসবের জাতীয় প্রস্তুতি কমিটি এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বক্তারা বিশ্বকে অস্থিতিশীলতা ও যুদ্ধের মধ্যে ফেলার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন এবং এটাকে হিটলারের রাজত্বের সাথে জন্য তুলনা করেছেন।
‘শান্তি ও সংহতির জন্য আমরা লড়াই করছি সাম্রাজ্যবাদ, ধর্মীয় মৌলবাদ এবং যুদ্ধের বিরুদ্ধে’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন নাট্য ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। এতে বক্তব্য রাখেন এ্যাভোকেট মাহবুবে আলম, নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান ও মামুনুর রশিদ, নারী নেত্রী সুলতানা কামাল, ফকির আলমগীর প্রমুখ।
আগামী ৭-১৫ আগস্ট ভেনেজুয়েলার রাজধানি কারকাসে বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে বিশ্ব ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশ নেবে।
