বাংলাদেশ ইসলামী মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে না: জাপান
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাৎসুশিরো হরিগুচি বলেছেন, বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের রাষ্ট্রে পরিণত হবে না।
‘জাপান বাংলাদেশ ই-বুলেটিনে’ ২৭ মে প্রকাশিত ‘রিব্যুটাল এগেইনস্ট ফান্ডামেন্টালিজম ইন বাংলাদেশ’ শীর্ষক এক বার্তায় তিনি একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকার তার জাতীয় নীতিতে আধুনিক ইসলামী চিন্তা চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশ সরকার ও জনগণকে সহযোগিতা করা।
বার্তায় জাপানি রাষ্ট্রদূত দারিদ্র্য বিমোচন, আধুনিক মাদ্রাসা শিক্ষাসহ মৌলিক শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে সাহায্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আরও বলেন, দেশটির উদার ইসলামী চিন্তাধারা এবং গনতান্ত্রিক মূল্যবোধের জাতীয় নীতির প্রতি বেশিরভাগ জনগণের সমর্থনের কারণেই বাংলাদেশ ইসলামী মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে না।
রাষ্ট্রদূতের বার্তাটিতে উল্লেখ করা হয়, যারা বলেন বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে, তাদের প্রধানত তিনটি যুক্তি রয়েছে। প্রথমটি হল, দারিদ্র্য থেকেই মৌলবাদের উত্থান, দ্বিতীয়টি হল, জামাতে ইসলামী বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের অংশীদার এবং জামাতে ইসলামীর সাথে মৌলবাদীদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তৃতীয় যুক্তিটি হল, বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার বিস্তার ঘটছে এবং তারা মনে করে, মাদ্রাসাগুলোতে ইসলামী মৌলবাদ শিক্ষা দেওয়া হয়।
তারা আরও বলেন, বাংলাদেশ কয়েক বছরের মধ্যে মৌলবাদী রাষ্ট্রে পরিণত না হলেও ২০ বছরের মধ্যে এটি ঘটবে।
অন্যদিকে, যারা বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে বলে যুক্তি দেন, জাপানি রাষ্ট্রদূত তাদের যুক্তির বিরোধিতা করে বলেন, বাংলাদেশের মানুষ ধর্মীয়ভাবে আধুনিক এবং উদার মনের।
তিনি আরও উল্লেখ করেন, দারিদ্র্য মৌলাবাদীদের উত্থানে সাহায্য করে। কিন্তু অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবন-যাত্রার মান ক্রমান্বয়ে উন্নত হচ্ছে।
এছাড়া, বাংলাদেশের চারদিকে ভারতের অবস্থান। এর চারপাশে কোনও ইসলামী রাষ্ট্রের অবস্থান নেই। বিদেশি মৌলবাদীদের এদেশে প্রবেশ করা খুব সহজ নয়। দেশটির ভৌগলিক অবস্থানও সমতল। সুতরাং লুকিয়ে থাকার সুযোগও কম। দেশটির যোগযোগ ব্যাবস্থাও দিনে দিনে উন্নত হচ্ছে। এতে করে দেশের কোনও অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে না।
হরিগুচি উল্লেখ করেন, জামাতে ইসলামী একটি ধর্মীয় দল কিন্তু মৌলবাদীদের থেকে তারা আলাদা। এছাড়া তারা যদি মৌলবাদীদের সমর্থন করে, তাহলে তারা জনসমর্থন হারাবে।
আরেকটি কারণ হল, যেসব মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে মৌলবাদের বীজ বপন করা হয় সেসকল মাদ্রাসার সংখ্যা খুব বেশি নয়। বেশিরভাগ মাদ্রাসার সাথেই ধর্মীয় মৌলবাদী গোষ্ঠির কোনও সম্পর্ক নেই।
এছাড়া তিনি বলেন, তাবলিগ জামাত ধর্মীয় অনুশাসন মেনে চলে। তারা দেশের রাজনীতির সাথে জড়িত হতে চায় না।
এসব বিষয় থেকেই প্রমাণিত হয় বাংলাদেশের জনগণ মৌলবাদকে কখনোই গ্রহণ করবে না।
