চীন কমিউনিষ্ট পার্টির আর্ন্তজাতিক বিভাগের অধ্যাপক ও নেতৃবৃন্দর সাথে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাক্ষাৎ
চীন কমিউনিষ্ট পার্টির নেতৃবৃন্দ বলেছেন, চীনের সাথে বাংলাদেশের অনেক ক্ষেত্রে মিল রয়েছে। ব্যবসা-বানিজ্য, কৃষি, শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে এক সাথে কাজ করার সুযোগ আছে।
শনিবার চীন কমিউনিষ্ট পার্টির আর্ন্তজাতিক বিভাগের উদ্যোগে আয়োজিত সফররত আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে আলোচনায় তারা এ কথা বলেন। এ সময় পার্টির স্কুলের অধ্যাপক ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক জাং জি রংছেন্ট চীনের অর্থনৈতিক উন্নয়নের বর্তমান প্রেক্ষিত ও আগামী ২০২০ সাল পর্যন্ত গৃহীত কর্মসূচি এবং পার্টির তৎপরতা তুলে ধরেন।
চীনের নেতৃবৃন্দ বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা ও সহনশীলতা। চীনের জনগণ ও সরকার সেটাকে বিশ্বাস করে বিধায় তাদের পক্ষে ধারাবাহিকভাবে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হচ্ছে। তারা ২০২০ সালকে লক্ষ্য ধরে অর্থনৈতিক উন্নয়নের এক ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছে এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আলোচনাকালে চীন নেতৃবৃন্দকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিগত পাঁচ বছরের বাংলাদেশের মানুষের ভাগ্যর উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করে আওয়ামী লীগের প্রতিনিধি দল।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ আওয়ামী লীগের জন্ম ইতিহাস, মুক্তিযুদ্ধের বিজয় অর্জন, বঙ্গবন্ধু হত্যাকান্ড, চারনেতা হত্যাকান্ড, ২১ আগস্ট সভানেত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা ও ২৪ নেতাকর্মী হত্যা, সাবেক অর্থমন্ত্রী ও এমপি হত্যাকান্ডসহ বিভিন্ন বিষয় কমিউনিষ্ট পার্টির নেতৃবৃন্দকে অবহিত করেন।
আলোচনায় আওয়ামী লীগের পক্ষে দলনেতা ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আখতারউজ্জামান, আব্দুর রহমান, বীর বাহাদুর এমপি এবং চীনের পক্ষে চাও জিগাং, জাং জুয়ি, জা কিয়াং অংশগ্রহন করেন।
