আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় আহ্বান: ঐক্যবদ্ধ সংগ্রামে জোটের পতন ঘটিয়ে গণতান্ত্রিক দেশ গড়তে হবে
আওয়ামী লীগের ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলে বিএনপি জামাত জোট সরকারের পতন ঘটিয়ে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, জোট সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিপন্ন। তাই মুক্তিযুদ্ধের চেতনা ও দেশ ধ্বংসকারী এ সরকার পতনের সংগ্রাম এগিয়ে নিতে আওয়ামী লীগ নেতা কর্মীসহ দেশবাসীকে নতুন করে অঙ্গীকারাবদ্ধ হতে হবে।
শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও আলোচনায় অংশ নেন দলের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, জাতীয় পার্টির (মঞ্জু) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, অধ্যাপক শামসুল হুদা হারুন, মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও বিএম মোজাম্মেল হক।
জিল্লুর রহমান বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের ইতিহাস বর্ণনা করে বলেন, আজ দেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কোনো চিহ্ন নেই। বিএনপি জামাত জোট সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত ও ধ্বংস করছে। এ অবস্থা চলতে দেওয়া যায়না।
তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন না। কিন্তু তাকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হচ্ছে আদর্শিক শত্রু। তিনি বলেন, একাত্তরের পরাজিত শত্রুরা দেশকে শোষণ করছে। ইতিহাস বিকৃত করছে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় গেলে আমাদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা হবে।
আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতা সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্য গড়ে তুলে গণ অভ্যুত্থানের মাধ্যমে জোট সরকারের পতন ঘটাতে হবে।
তোফায়েল আহমেদ বলেন, জোট সরকার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। উজ্বল সম্ভাবনাময় দেশকে তারা অকার্যকর দেশে পরিনত করেছে। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকা বাজেটের মাধ্যমে সাদা করার পরিকল্পনা কেন নেওয়া হয়েছে তা দেশের মানুষ আজ বুঝতে পেরেছে।
আব্দুল জলিল বলেন, গণ বিরোধী বাজেটের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘোষিত হরতালসহ আন্দোলন কর্মসূচি সফল করে ক্ষমতাসীন অপশক্তিকে চিরতরে বিদায় করতে হবে। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জোট দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে আত্মত্যাগের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। জোট পতনের আন্দোলনে সকলকে নিরবচ্ছিন্নভাবে অংশ্রগ্রহণ করতে হবে।
