২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পদে অধিষ্ঠিত থাকার বৈধতা চ্যালেঞ্জ করে সিইসি’র বিরুদ্ধে রিট

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের একই সাথে দুই পদে-সুপ্রিম কোর্টের বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে অধিষ্ঠিত থাকার বৈধতা চ্যালেঞ্জ করে শনিবার হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

আবেদনের শুনানি শেষে বিচারপতি শাহ আবু নঈম মোমিনুর রহমান ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এক সপ্তাহের জন্য আবেদনটি স্থগিত (স্ট্যাণ্ড ওভার) রেখেছেন।

আদালত আগামী শনিবারের মধ্যে বিচারপতি এমএ আজিজ এখনও আপিল বিভাগের বিচারপতি পদে অধিষ্ঠিত আছেন কী না আবেদনকারীদের তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে আদালত মূল আবেদনের সাথে একটি এফিডেভিট দাখিলেরও নির্দেশ দেন।

আবেদনকারীরা বিডিনিউজকে জানান, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ এখনও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে অধিষ্ঠিত আছেন কী না তা জানার জন্য তারা সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রারের কাছে একটি নোটিশ দেবেন।

কোন অধিকার বলে বিচারপতি এমএ আজিজ একই সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার পদ অধিকার করে আছেন তা জানার জন্য একটি রুল নিশি জারি করে সুপ্রিম কোর্টের তিন বিচারপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস, অ্যাডভোকেট আবদুল মান্নান খান ও অ্যাডভোকেট নাজনীন নাহার দিপু জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন।

প্রধান নির্বাচন কমিশনার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সুুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ রিট দায়ের করা হয়।

আবেদনে বাদীপক্ষ উল্লেখ করেন, এবছর ২৩ মে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়ে বিচারপতি এমএ আজিজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে গ্রহণ করা শপথনামা ভঙ্গ করেছেন।

আবেদনে আরও বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার হয়ে বিচারপতি এমএ আজিজ সংবিধানের প্রস্তাবনা, ৭, ২২, ৯৪, ৯৬, ৯৯, ১০৪, ১০৫, ১০৬, ১০৮, ১১১, ১১২, ১১৭, ১১৮, ১১৯, ১২৬, ১৪৭, ১৪৮ ধারা এবং চতুর্থ অধ্যায়ের ছয় নম্বর অনুচ্ছেদ লংঘন করেছেন।

আবেদনকারীরা আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেয়ার পর বিচারপতি এমএ আজিজ আপিল বিভাগের বিচারপতির সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না। যদিও এর আগে তিনি সাংবিধানিকভাবে বিচারপতি পদে শপথ নিয়েছিলেন।

বাদীপক্ষে আবেদনটি পরিচালনা করেন অ্যাডভোকেট এমআই ফারুকী। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সলীম উল্লাহ ও অ্যাডভোকেট এমকে রহমান। অন্যদিকে সরকার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্ণি জেনারেল জামান আখতার বুলবুল।