২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরিব মারার বাজেটের ফলে বাজারে আগুন লাগবে, মানুষ আরও বিপাকে পড়বে : টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে বলেছেন, এতে জনগণের আশা আকাঙ্খার কোনো প্রতিফলন ঘটেনি। গরিব মারার এ বাজেটের কারণে বাজারে আগুন লেগে যাবে। সাধারণ মানুষ আরও বিপাকে পড়বে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে ধোঁকাবাজি ও ভাঁওতাবাজির এ বাজেট দিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। উচ্চাভিলাষী এ বাজেটে জনগণের কোনো প্রাপ্তি নেই, জাতির জন্য নেই কোনো দিক নির্দেশনা।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও বঙ্গবন্ধুর সমাধিস্থলে সমবেত জনতার উদ্দেশে দেওয়া বক্তৃতায় শেখ হাসিনা এ কথা বলেন।

সকালে সড়কপথে ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে শ্রীনগর, মাওয়া, চর জানাজাত ও ভাঙ্গায় পৃথক পথসভায়ও বক্তৃব্য্য রাখেন তিনি।

শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌঁছেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধাঞ্জলিও অর্পণ করেন তিনি।

আওয়ামী লীগ সভানেত্রী পরে দলের ফরিদপুর জেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সভা করেন। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় নেতা কর্মীরা শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

দলীয় নেতা কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় শেখ হাসিনা বলেন, আত্মকলহ ও ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠকে শক্তিশালী করতে হবে। প্রবীনের পরামর্শ আর নবীনের কর্মশক্তির সমন্বয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে এখন থেকেই তিনি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, জোট সরকারের হাতে নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে দু:শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।

আওয়ামী লীগ সভানেত্রী বিদিশার ঘর ভাঙ্গার ঘটনাকে অমানবিক উল্লেখ করে বলেন, জোট সরকার তাদের দু:শাসন পাকাপোক্ত করতে কতোটা নিচে নামতে পারে বিদিশার ঘটনা তারই প্রমাণ। তিনি বলেন, সরকারের ইশারায় এরশাদকে দিয়ে যে নাটক করানো হচ্ছে তা একটি সভ্য দেশে চলতে পারেনা।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, কর্নেল (অব:) ফারুক খান এমপি, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্, কাজী আকরাম উদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এমপি, আফম বাহাউদ্দিন নাসিম, এসএম কামাল হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এবং ফরিদপুর জেলা সভাপতি কাজী জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাভলু উপস্থিত ছিলেন।

এদিকে, জুম্মা নামাজের পর মাজার কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেখ হাসিনা দোয়ায় শরিক হন।

আওয়ামী লীগ সভানেত্রী টুঙ্গিপাড়ায় রাতযাপন শেষে শনিবার দুপুরে সেখান থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।