২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন সামনে রেখে সরকার ধোঁকাবাজির বাজেট দিয়েছে : শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আগেই সব কিছুর দাম বাড়িয়ে দিয়ে নির্বাচন সামনে রেখে সরকার ধোঁকাবাজি ও ভাঁওতাবাজির একটি বাজেট দিয়েছে। এ বাজেট থেকে জনগণের কোনো প্রাপ্তি নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

তিনি বলেন, এ সরকার দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি। জনগণকে বঞ্চিত করে শুধু নিজেদেরই উন্নতি করেছে। আর এমন দুর্নীতি করেছেন যে, অর্থমন্ত্রী চোরা ভাব ও পলায়নপর মনোবৃত্তি নিয়ে বাজেট বক্তৃতা সংক্ষিপ্ত করেছেন।

বৃহস্পতিবার আওয়ামী লীগ আয়োজিত নারী রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এ কথা বলেন।

বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে ধানমণ্ডির একটি কমিউনিটি সেন্টারে সকাল থেকে দিনভর অনুষ্ঠিত কর্মশালায় দলের ২৪ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

শেখ হাসিনা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন শেষে তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নারী উন্নয়নে আওয়ামী লীগ সরকারের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৭ সালের ৭ মার্চ আমরা প্রথম নারী উন্নয়ন নীতিমালা প্রনয়ণ করেছিলাম। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে জামাতের পরামর্শে এর গুরুত্বপূর্ণ অনেক ধারা বাদ দিয়েছে।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, গোটা সমাজের উন্নয়ন ঘটাতে হলে নারী পুরুষকে সমানভাবে এগিয়ে যেতে হবে।

তিনি জানান, তৃণমূল পর্যায় পর্যন্ত নারী নেতৃত্ব গড়ে তুলতে আওয়ামী লীগ দেশের বিভিন্ন বিভাগ ও অঞ্চলে এ ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করবে।