প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী ও নির্বাচনমুখি: জাতীয় পার্টির সতর্ক প্রতিক্রিয়া
জাতীয় পার্টি (এরশাদ) বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত ২০০৫-০৬ বাজেটের ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, এটি একটি উচ্চাভিলাষী ও নির্বাচনমুখি বাজেট। এ বাজেটের মাধ্যমে আগামী নির্বাচনে ভোট কেনাবেচার সুযোগ সৃষ্টি হবে।
বাজেট ঘোষণার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জাপা নেতা গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।
সংসদ ভবনে সংসদীয় দলের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলের নেতা রওশন এরশাদ, ডা. টিআইএম ফজলে রাব্বী, তাজুল ইসলাম চৌধুরীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জিএম কাদের বলেন, এ বাজেটে মাত্র ৯ হাজার কোটি টাকার অর্থের সংস্থান রেখে ২৪ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়ন বাজেট রাখা হয়েছে। বাকী অর্থের সংস্থান কিভাবে হবে, এ ব্যাপারে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই।
তিনি বলেন, ট্যাক্সের চাপে দেশের মানুষের নাভিশ্বাস অবস্থা। এরপরও প্রস্তাবিত বাজেটে গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় অতিরিক্ত পাঁচ হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, একই সঙ্গে অনুন্নয়ন খাতে ব্যয় বৃদ্ধি করা হয়েছে চার হাজার ৮৭৪ কোটি টাকার। দেশের জনগণের ওপর অতিরিক্ত করারোপ করে সরকার তা অনুন্নয়ন খাতে ব্যয় করবে।
জিএম কাদের বলেন, সরকার প্রস্তাবিত বাজেট বেশকিছু খাতে থোক বরাদ্দ রেখেছে। অথচ এর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এতে মঙ্গা কবলিত মানুষের কল্যাণে কোনো বরাদ্দ রাখা হয়নি।
তিনি বলেন, থোক বরাদ্দের এ টাকা যথাযথ ব্যবহার হলে জনগণের কাজে আসবে। তবে দলীয়করণ ও নেতাকর্মীদের মাধ্যমে এই টাকা ব্যয় করা হলে এটি হবে নিছক ভোট কেনাবেচা। এসব আগামী নির্বাচনকে প্রভাবিত করবে।
জাতীয় পার্টির সিনিয়র নেতা ডা. এটিএম ফজলে রাব্বী বলেন, এটি একটি কল্পনাপ্রসুত বাজেট। পেট্রোলিয়াম খাতে হ্রাসকৃত কর জনগণের কোনো কাজে আসবে না। এটি ব্যবসায়ী ও সরকারি লোকজনের কাজে আসবে মাত্র। মোবাইল সেটের ওপর কর হ্রাস একটি আইওয়াশ। কারণ একই সাথে মোবাইল সিম কার্ডের ওপর অতিরিক্ত করারোপ করা হয়েছে।
জাতীয় পার্টি বাজেট গ্রহণ বা প্রত্যাখ্যান করছে কিনা, এমন এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি দলের ভেতরে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করবে। আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
