শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে ভূমির বিরোধ বাড়ছে
পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমা বলেছেন, গত সাত বছরেও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, এ কারণে পাহাড়ে ভূমির বিরোধ বাড়ছে। চুক্তির অসংগতিপূর্ণ ধারা সংশোধন করে পার্বত্য ভূমি কমিশনের এখনই কাজ শুরু করা দরকার।
বুধবার খাগড়াছড়ি সার্কিট হাউজ সম্মেলন কক্ষে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রথম বৈঠক তিনি এ কথা বলেন। বৈঠকে ভূমি কমিশন সক্রিয় করা, কমিশনের রুলশ অ্যান্ রেগুলেশন প্রণয়ন, বাজেট, লোকবল নিয়োগ, ভূমির বিরোধ সংক্রান্ত আবেদন গ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, ২০০১ সালের পার্বত্য ভূমি বিরোধ ও নিষ্পত্তি কমিশনের যে আইন তা এখনো কার্যকর হয়নি। ভূমি কমিশনের দায়িত্ব ও ক্ষমতা কার্যকর করতে সবচেয়ে জরুরী হচ্ছে, আইন প্রয়োগের জন্য আরেকটি আইন বিধি প্রণয়ন করা। কিন্তু এটিও এখনো হয়নি।
এতে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, ভূমি কমিশন আইন প্রণয়নের বিষয়টি হচ্ছে একটি প্রধান বিষয়। এটি যথাযথভাবে বাস্তবায়িত হলে কমিশন কার্যকর ভূমিকা রাখতে পারবে।
ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি মাহমুদুর রহমান ভূমি কমিশনের কাজ শিগগিরই শুরু করা হবে বলে আশা প্রকাশ করেন।
