বিদিশা এরশাদের মা ও ছোট ভাইয়ের কথা
বিদিশা এরশাদের মা আনোয়ারা সিদ্দিকী সোমবার রাতে বিডিনিউজের সঙ্গে আলাপকালে জানান, আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। বিদিশার মতো আমাদের ওপরও নিপীড়ন চালানো হতে পারে।
তিনি আরও বলেন, বেশ কিছুদিন থেকে বিদিশাকে দেশত্যাগের জন্য একটি মহলের চাপ রয়েছে। কিস্তু বিদিশা দেশ ত্যাগ করতে চায় না। পরিবারের পক্ষ থেকে বিদিশাকে বিদেশে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
সোমবার রাত আটটায় রাজশাহীর কাজলাস্থ বাড়িতে বিদিশার মা ও ছোট ভাই সৌম্য’র সঙ্গে বিডিনিউজ প্রতিবেদকের আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে বিদিশার মা বলেন, বিদিশাকে নির্যাতন চালিয়ে ধীরে ধীরে মেরে ফেলতেই মিথ্যা মামলায় জড়িয়ে অত্যাচার করা হচ্ছে।
তিনি বলেন, সোমবার সকাল ৬ টা ২০ মিনিটের দিকে তিনি টেলিফোনে ৩ মিনিট এরশাদের সঙ্গে কথা বলেছেন। ওই সময় এরশাদ তার শাশুড়ীকে বলেন, আগামী ২/১ দিনের মধ্যেই বিদিশার জামিন পাওয়া যাবে। তিনি দেশের বাইরে গেলেও তার লোকজন এ বিষয়ে কাজ করছে।
বিদিশার মা এরশাদের সঙ্গে টেলিফোনে আলাপ প্রসঙ্গে বলেন, ওই স্বল্প সমেয়র মধ্যে এরশাদ আমাকে চার বার ‘মা’ বলে ডেকেছে। সকালে তার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, তিনি কোনও কঠিন পরিস্থিতির মুখে পড়েই বিদিশার সাথে এমন করছেন।
এসময় বিদিশার ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গনযোগাযোগ বিভাগের শেষ বর্ষের ছাত্র সৌম্য সিদ্দিকি বলেন, জাতীয় পার্টি থেকে সেসময় যারা গোপনে এরশাদের ক্ষতি করতো, তাদের চিহ্নিত করার জন্য আপুর (বিদিশা) এই অবস্থা করলো তারা। সৌম্য আরও বলেন, তাদের একজন এরশাদের সাথে সৌদি সফরে সঙ্গী হয়েছেন।
বিদিশা’র মা ও ছোট ভাই বিদিশাকে মুক্ত করতে সচেতন মহলের প্রতি আহবান জানিয়েছেন।
