সংরক্ষিত নারী আসনে নির্বাচন সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করতে আপিল, ১১ জুন শুনানী
জাতীয় সংসদের সংরক্ষিত ৪৫টি নারী আসনে নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত রিট আবেদন খারিজ করে দেওয়া হাইকোটের্র আদেশ স্থগিত করার জন্যে কয়েকটি মানবাধিকার সংগঠন সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেছে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি এমএম রুহুল আমিন আগামী ১১ জুন আপিল বিভাগের পূণার্ঙ্গ বেঞ্চে এ আবেদনের ওপর শুনানীর তারিখ নির্ধারণ করেন।
জাতীয় সংসদে নারীদের জন্যে ৪৫টি আসন সংরক্ষিত রাখা সংক্রান্ত সংবিধানের চতুর্দশ সংশোধনী এবং এসব আসনে নির্বাচন অনুষ্ঠানের জন্যে সংশ্লিষ্ট আইনের বৈধতা চ্যালেঞ্জ করে কয়েকটি মানবাধিকার সংগঠন তিনটি রিট আবেদন দাখিল করে। ৩০ মে হাইকোর্ট ওই রিট আবেদনগুলো খারিজ করে দেন।
সংরক্ষিত ৪৫টি নারী আসনে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত বছর ২৯ নভেম্বর সংসদে ওই আইনটি পাশ করা হয়। আইনটির বিষয়ে সরকার ৮ ডিসেম্বর একটি প্রজ্ঞাপণ জারি করে।
সংবিধানের চতুর্দশ সংশোধনী এবং জাতীয় সংসদে নারীদের জন্যে সংরক্ষিত ৪৫টি আসনে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাশকৃত আইনের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় মহিলা আইনজীবী সমিতি, কর্মজীবী নারী ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থাসহ কয়েকটি নারী সংগঠন ২০০৪ সালের ২০ জুলাই ও ১৩ ডিসেম্বর এবং ২০০৫ সালের ৪ জানুয়ারি হাইকোর্টে তিনটি রিট আবেদন দাখিল করে।
জাতীয় সংসদে নারীদের জন্যে সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠানের জন্যে পাশ করা আইন কেন অবৈধ ঘোষণা করা হবে না-এ মর্মে হাইকোর্ট গত বছর ১৪ ডিসেম্বর সরকারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে একটি রুল জারি করেন।
বাদী পক্ষে আদালতে আবেদনটি পরিচালনা করেন অ্যাডভোকেট সিগমা হুদা, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এবং অ্যাডভোকেট ফয়েজ আহমেদ। অন্যদিকে, সরকার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খান।
