২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী উপনির্বাচনে চার জনের প্রার্থীতা প্রত্যাহার

আগামী ২২ জুন অনুষ্ঠিতব্য নরসিংদী ১ আসনের উপনির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রোববার চার জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

নাগরিক কমিটির প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান, স্বতন্ত্রপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, বিকল্প ধারা প্রার্থী মমতাজ বেগম মমি ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থী রোকেয়া আহমেদ লাকী রিটার্নিং অফিসারের কাছে তাদের নিজ নিজ প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

এ নিয়ে উপনির্বাচনে সাতজন প্রার্থীতা প্রত্যাহার করলেন।

এর আগে ২৮ মে মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছিলেন।

বাছাইপর্বে ঋণ খেলাপির অভিযোগে বিল্লাল হোসেন ও দেওয়ান ফেরদৌসুর রহমান স্বপনের মনোনয়ন বাতিল হয়। বর্তমানে প্রতিদ্বন্দিতায় রয়েছেন ছয় জন প্রার্থী। তারা হলেন-জোট প্রার্থী খায়রুল কবির খোকন, জাপা মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শাহাদৎ হোসেন মুন্না, সিরাজ মিয়া ও কৃষক মোঃ সাদেক।

প্রার্থীতা প্রত্যাহার প্রসঙ্গে এডভোকেট আসাদুজ্জামান বলেন, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু নির্বাচন কমিশন সংস্কার ও একতরফাভাবে নিয়োগকৃত সিইসি বাতিলের আন্দোলন চালিয়ে যাচ্ছে সেহেতু দলের হাইকমাণ্ডের নির্দেশে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি।

অন্যদিকে দলের হাইকমাণ্ডের ক্রমাগত চাপের কারণেই নরসিংদী-১ আসনের প্রয়াত সাংসদ এছাকের স্ত্রী লাকী নির্বাচনী প্রতিযোগিতা থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে সংশ্লিষ্টরা জানায়।