এরশাদের বাসভবনে পুলিশের তল্লাশি, বিদিশার কাছ থেকে বিচ্ছিন্ন এরিক
পুলিশ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদের উপস্থিতিতে শনিবার গভীর রাত পর্যন্ত বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবন তল্লাশি চালায়।
এর আগে এরশাদের একজন ব্যক্তিগত সহকারী গুলশান পুলিশ কাস্টডি থেকে তিন বছরের ছেলে এরিক এরশাদকে তার মা বিদিশার কাছ থেকে নিয়ে গেছে। বিদিশা এরশাদ এখন গুলশান পুলিশ কাস্টডিতে।
সূত্র জানায়, এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর খালেদ এরিককে এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্ক এপার্টমেন্টে নিয়ে যায়। এশাদ তখন সেখানে অবস্থান করছিলেন।
শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত তল্লাশি চলছিল।
বিদিশা এরশাদকে গুলশান থানায় রাখা হয়েছে এবং তাকে একটি সেলের মেঝেতে বসে কাঁদতে দেখা গেছে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এরশাদ এরিককে সাথে নিয়ে সেমবার সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ শনিবার বিকেলে অর্থ আত্মসাৎ, চুরি, হত্যা চেষ্টা এবং ভাংচুরের অভিযোগ এনে বিদিশার বিরুদ্ধে একটি মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা শনিবার রাতে গুলশান এলাকায় পৃথক দুটি বৈঠক করেছে। একটি বৈঠক হয়েছে প্রেসিডিয়াম সদস্য রাজিয়া মতিনের বাসভবনে আর অপরটি হয়েছে পার্টির সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদারের বাসভবনে।
এর আগে বিকেলে এরশাদ তার প্রথম স্ত্রী রওশন এরশাদের সাথে গুলশানের বাসভবনে দেখা করেন।
সূত্র আরও জানায় বিদিশা খুব শিগগিরই দেশ ত্যাগ করতে পারেন।
